জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন লাগিয়ে এক ব্যক্তির আত্মাহুতি
গায়ে আগুন দেওয়ার আগে তিব্বতের পতাকা হাতে লোবগা রাংজেন। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১১:৪৯ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ১২:০৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে দগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কয়েকজন অধিকারকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের মতে, ওই ব্যক্তি চীনের তিব্বতপন্থী আন্দোলনের কর্মী হিসেবে স্বাধীনতার দাবিতে এই পদক্ষেপ নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
নিউইয়র্ক সিটি পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ তার পরিচয় বা ঘটনার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে এ ঘটনার তদন্ত চলছে।
নির্বাসিত তিব্বতিদের সংবাদমাধ্যম ভয়েস অব তিব্বত জানায়, নিহত ব্যক্তির নাম লোবগা রাংজেন। তিনি জাতিসংঘ সদরদপ্তরের সামনে তিব্বতের স্বাধীনতা ও জাতীয় ঐক্যের পক্ষে সরাসরি আবেদন জানানোর পর নিজের গায়ে আগুন দেন।
স্থানীয় সংবাদমাধ্যম এএম নিউইয়র্ক জানিয়েছে, রাংজেন পেশায় একজন উবার চালক ছিলেন। ঘটনাস্থলে তিনি একটি তিব্বতি পতাকা নিয়ে যান। তার পরিচিত আরেক উবার চালক লোবসাং পালজর বলেন, চীনা সরকারের আরোপিত নানা বিধিনিষেধে ক্ষুব্ধ ছিলেন রাংজেন।
এদিকে, তিব্বতি অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, চীনের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বহু তিব্বতি আত্মাহুতির পথ বেছে নিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর টিবেটের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ১৫০টিরও বেশি তিব্বতি আত্মাহুতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০টি ঘটনা ঘটেছে নির্বাসনে থাকা তিব্বতিদের মধ্যে।
সূত্র: রয়টার্স
