ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যা করে দেশে প্রেমিকার কাছে ছবি পাঠালেন স্বামী

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যা করে দেশে প্রেমিকার কাছে ছবি পাঠালেন স্বামী
×

পুলিশের হেফাজতে ভারতীয় প্রযুক্তিকর্মী অবিনাশ নার্নে। ছবি: স্থানীয় পুলিশের এক্স এ দেওয়া ভিডিও থেকে নেওয়া

এনডিটিভি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১১:৫৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ভারতীয় সফটওয়্যার প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় নয় মাস পর তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

বেলভিউ পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত অবিনাশ নার্নে (৩০) গত বছরের ২৭ অক্টোবর তার স্ত্রী রাজিথা সাব্বিনেনি (২৭)-কে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি আড়াল করতে তিনি ভিন্ন গল্প সাজানোর চেষ্টা করেন। ঘটনার দিন নার্নে পুলিশকে ফোন করে জানান, তার স্ত্রী বাথরুমে আটকে আছেন এবং কোনো সাড়া দিচ্ছেন না। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সাব্বিনেনির মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবিনাশ দাবি করেন, তিনি কেনাকাটার জন্য প্রায় ৪০ মিনিট বাসার বাইরে ছিলেন। ফিরে এসে স্ত্রীকে বাথরুমে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেন। তবে তদন্তে ওই সময় অন্য কাউকে বাসায় প্রবেশ করতে দেখা যায়নি। পরদিন কিং কাউন্টির মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানায়, শ্বাসরোধে অক্সিজেনের অভাবে সাব্বিনেনির মৃত্যু হয়েছে এবং এটি একটি হত্যাকাণ্ড।

তদন্তে আরও উঠে আসে, ভারতের এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে অবিনাশের গোপন প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক চলাকালেই ২০২৫ সালের ৫ জুন পারিবারিকভাবে রাজিথাকে বিয়ে করেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, ওই প্রেমিকা অবিনাশের বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। বিয়ের পরও তাদের সম্পর্ক অব্যাহত ছিল।

পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের দিন অবিনাশ অন্তত চারবার তার প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলেন। এমনকি যে সময় তিনি পুলিশকে বলছিলেন বাথরুমের দরজা ভাঙার চেষ্টা করছেন, তার কাছাকাছি সময়েও প্রেমিকার সঙ্গে তার কথা হয়। তদন্তে আরও জানা গেছে, স্ত্রীকে হত্যার পর তার মরদেহের একটি ছবিও অবিনাশ ভারতে থাকা প্রেমিকার কাছে পাঠিয়েছিলেন।

এ ছাড়া রাজিথার মোবাইল ফোন থেকে উদ্ধার করা বার্তায় দেখা যায়, তিনি কয়েকবার স্বামীকে অভিযোগ করেছিলেন যে তার তৈরি করে দেওয়া পানীয়ের স্বাদ অস্বাভাবিকভাবে তিক্ত। মৃত্যুর দিন পাঠানো এক বার্তায় তিনি লিখেছিলেন, স্মুদিটির স্বাদ ‘ওষুধ’ ও ‘কাশির সিরাপের’ মতো লাগছে।

গত ৫ জুলাই অবিনাশ নার্নের বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বর্তমানে তিনি ৫০ লাখ মার্কিন ডলারের জামিন অযোগ্য শর্তে পুলিশি হেফাজতে রয়েছেন।
 

আরও পড়ুন

×