টানা বৃষ্টিতে কলকাতায় জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন
ছবি: ভিডিও থেকে নেওয়া
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৪:৫৭
টানা ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টিতে ডুবে গেছে পশ্চিমবঙ্গের কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। অবিরাম বর্ষণে শহরের বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও পানিতে ডুবে গেছে যানবাহন। এতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ কালো মেঘে ঢাকা ছিল। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে বেহালা থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত বিভিন্ন সড়কে পানি জমে যায়। একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে জেলার বিভিন্ন এলাকাতেও। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সকালের ঝড়-বৃষ্টিতে স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাংকের সদর দপ্তরের কাছে একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত গাছ অপসারণের কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অবিরাম বৃষ্টিতে কলকাতার নিচু এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের জন্য কলকাতা পৌর করপোরেশনের অধিকাংশ পাম্পিং স্টেশন সচল রাখা হলেও টানা বৃষ্টির কারণে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তবে বৃষ্টি কমে এলে দ্রুত পানি নেমে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। ফলে আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পূর্ব বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদেও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি রয়েছে। সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এ সময় বজ্রসহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অতিরিক্ত বৃষ্টির কারণে তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। এ কারণে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় লাল সতর্কতাও জারি করা হয়েছে।
এদিকে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের মোট ২২টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উপকূলীয় এলাকায় সতর্কতামূলক নজরদারি জোরদার করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তায় সমুদ্রসৈকতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সুন্দরবন ও সম্ভাব্য প্লাবিত এলাকাগুলোতেও প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
- বিষয় :
- পশ্চিমবঙ্গ
- কলকাতা
- ভারী বৃষ্টি