ইউক্রেন
যুদ্ধের মধ্যেই সরকারে রদবদল, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা
কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৪:০৩ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৪:১৯
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আলজাজিরা, রয়টার্স ও এএফপির খবর জানাচ্ছে, ইউক্রেনে সরকারে আকস্মিক রদবদলকে কেন্দ্র করে দেশটিতে তীব্র জনঅসন্তোষ ও বিক্ষোভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে, রাশিয়ায় চলমান যুদ্ধবিরোধী রাজনীতিবিদ ও ক্রেমলিনপন্থি সাবেক কর্মীদের ওপর পুতিন সরকারের দমনপীড়ন ও আইনি চাপ বাড়ানোরও খবর পাওয়া যাচ্ছে।
এএফপির খবর জানায়, রণাঙ্গনে ইউক্রেনীয় বাহিনী যখন কিছুটা সুবিধাজনক অবস্থানে আসছিল, ঠিক তখনই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত দেশের ভেতরে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ইউক্রেনীয় পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় গ্যাস অপারেটর নাফতোগাজের সাবেক প্রধান সের্গেই কোরেতস্কিকে অনুমোদন দিয়েছে। তবে এই রদবদলে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে দেশটির জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের মাধ্যমে। তাঁর আকস্মিক বিদায় ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক মহলে বিভক্তি তৈরি করেছে। ফেদোরভকে পুনর্বহালের দাবিতে কিয়েভসহ বিভিন্ন বড় শহরে ব্যাপক জনসমাবেশ ও বিক্ষোভ শুরু হয়েছে।
প্রতিরক্ষা বিভাগে বিভক্তির নেপথ্যে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই রদবদলের নেপথ্যে মূলত কাজ করেছে সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কির সঙ্গে ফেদোরভের কৌশলগত দ্বন্দ্ব। ফেদোরভের অভিযোগ, প্রথাগত চিন্তাধারার সেনাপ্রধান সিরস্কি চার বছরের যুদ্ধে ক্লান্ত এবং তিনি সামরিক বাহিনীর আধুনিকীকরণের পথে বাধা। অন্যদিকে, সিলিকন ভ্যালির আদলে প্রযুক্তিগত সংস্কার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ড্রোন যুদ্ধের পক্ষপাতী ছিলেন ফেদোরভ, যা সাধারণ সেনাদের জীবন বাঁচাতে ভূমিকা রাখছিল। তবে শেষ পর্যন্ত জেলেনস্কি যুদ্ধকালীন পরিস্থিতিতে সিরস্কিকে পরিবর্তন না করে ফেদোরভকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, যা সাধারণ মানুষ এবং ফ্রন্টলাইনের সৈনিকদের ক্ষুব্ধ করেছে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তুলনামূলক কম পরিচিত পেশাদার গোয়েন্দা কর্মকর্তা ইয়েভগেনি খমারাকে নিযুক্ত করা হয়েছে।
ক্রেমলিনের স্বস্তি
ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিশৃঙ্খলা রাশিয়ার পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। বিশ্লেষকদের মতে, এই জনপ্রিয় মন্ত্রীকে সরিয়ে জেলেনস্কি নিজের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করলেন। ড্রোন প্রযুক্তির অগ্রদূত মারিয়া বার্লিনস্কার মতে, ইউক্রেন একজন যোগ্য মন্ত্রীকে হারিয়েছে, যার পরিণতি আগামী শীতে যুদ্ধের ময়দানে টের পাওয়া যাবে।
রাশিয়ায় যুদ্ধবিরোধী রাজনীতিবিদের জরিমানা
এদিকে রাশিয়ার ভেতরে ভিন্নমত দমনের অংশ হিসেবে দেশটির একটি আদালত যুদ্ধবিরোধী রাজনীতিবিদ বরিস নাদেঝদিনকে ‘চরমপন্থি প্রতীক প্রদর্শনের’ দায়ে জরিমানা করেছেন। ৬৩ বছর বয়সী এই রাজনীতিবিদ প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির ছবিসহ একটি পুরোনো ভিডিও পোস্ট করার কারণে এই শাস্তির মুখোমুখি হন।