ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

‘নুডলসের মতো আইন তৈরি হচ্ছে’, ১৭ দিনে ১০ বিল পাস নিয়ে কটাক্ষ ভারতীয় এমপির

‘নুডলসের মতো আইন তৈরি হচ্ছে’, ১৭ দিনে ১০ বিল পাস নিয়ে কটাক্ষ ভারতীয় এমপির
×

ডেরেক ওব্রায়েন। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ২২:০৪

ভারতের সংসদে পর্যাপ্ত আলোচনা ও বিতর্কের সুযোগ না দিয়েই একের পর এক বিল পাস করানোর অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ডেরেক ওব্রায়েন। বিষয়টি ব্যঙ্গ করে তিনি বলেছেন, ‘নুডলসের মতো আইন তৈরি হচ্ছে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডেরেক ওব্রায়েন লিখেছেন, “নুডলসের মতো আইন তৈরি হচ্ছে। বিজেপি ১৭ দিনে ১০টি বিল পাস করেছে। অর্থাৎ প্রতিটি বিলের জন্য গড়ে মাত্র চার মিনিট সময় দেওয়া হয়েছে। সংসদকে একটি গভীর, অন্ধকার ঘরে পরিণত করা হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ আইন নিয়ে পর্যাপ্ত আলোচনা ও বিতর্ক ছাড়াই বিলগুলো দ্রুত পাস করা হচ্ছে। এতে সংসদে আইন প্রণয়নের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডেরেক ওব্রায়েনের দাবি, সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা সংক্রান্ত একটি বিল মাত্র চার মিনিটে পাস হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত বিল পাস করতে সময় লেগেছে মাত্র দুই মিনিট।

এ ছাড়া ব্যাংকারদের হিসাববইকে সাক্ষ্যপ্রমাণ হিসেবে ব্যবহারের আইন আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে আনা ‘ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স বিল’ মাত্র তিন মিনিটে পাস হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যান্য বিলের উদাহরণ তুলে ধরে তৃণমূলের এই সংসদ সদস্য বলেন, কোনো বিল দুই মিনিটে, কোনোটি তিন মিনিটে আবার কোনোটি চার মিনিটের মধ্যেই পাস করা হয়েছে। তাঁর অভিযোগ, এভাবে গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের আগে সংসদে যথাযথ আলোচনা ও পর্যালোচনার সুযোগ দেওয়া হচ্ছে না।

ডেরেক ওব্রায়েনের মন্তব্যকে কেন্দ্র করে ভারতের সংসদে আইন প্রণয়নের প্রক্রিয়া, বিল নিয়ে আলোচনা এবং বিরোধীদের পর্যাপ্ত সময় দেওয়ার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
 

আরও পড়ুন

×