ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল জাতীয় ঋণ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল জাতীয় ঋণ
×

ইলেকট্রনিক ডিসপ্লেতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ দেখানো হয়। বুধবার ওয়াশিংটন ডিসিতে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১৩:২৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ১৩:৩৩

যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। ডোনাল্ড ট্রাম্পের চালু করা শুল্ক নীতি বাতিল হওয়াকে দ্রুত ঋণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এছাড়া, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা খাত ও সুদ পরিশোধের খরচও ঋণ বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

স্থানীয় সময় বুধবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রকাশ করা নথি অনুযায়ী, মঙ্গলবার কর্মদিবস শেষে মোট জাতীয় ঋণের পরিমাণ ছিল ৪০ দশমিক ০৫ ট্রিলিয়ন ডলার। ইরানের সঙ্গে যুদ্ধ ও সরকারের ঘাটতি বাজেটের কারণে ওইদিন দীর্ঘমেয়াদী ট্রেজারি বন্ডের মুনাফা ২০০৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে বন্ড বাজার স্থিতিশীল করার পদক্ষেপ নেওয়ায় মুনাফার হার কিছুটা কমে আসে। 

যুদ্ধ পরিচালনা ও কর ছাড় প্রদানসহ সরকারি নানা ব্যয় মেটাতে ইউএস ট্রেজারি বিভাগ বাজেট ঘাটতি এবং অতিরিক্ত ঋণগ্রহণ অব্যাহত রেখেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের বাজেট ও কর বিষয়ক ফেলো জেসিকা রিডল বলেন, যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই অনিয়ন্ত্রিত ঘাটতির দিকে এগোচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতির দিকে ঝুঁকেছে।

জিডিপির ৩ থেকে ৪ শতাংশ বাজেট ঘাটতি আগে আর্থিক বাজারের জন্য চিন্তার কারণ ছিল। জেসিকা রিডল উল্লেখ করেন, বর্তমানে তা প্রায় ৬ থেকে ৭ শতাংশে দাঁড়িয়েছে। এই উচ্চ ঘাটতি আর্থিক বাজারে অস্থিরতা ও উদ্বেগ আরও বাড়িয়ে দেবে।

মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সুদের হারও ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে জাতীয় ঋণের বিপরীতে সুদ পরিশোধের খরচ বহুগুণ বেড়েছে। একইসঙ্গে বয়স্ক জনসংখ্যার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সামাজিক খাতের ব্যয় বৃদ্ধিও বাজেট ঘাটতির পরিমাণ বাড়াচ্ছে।

আরও পড়ুন

×