নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় তুরস্ক
গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলায় হামলার মামলা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আল জাজিরা
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২০:০৮
গাজামুখী ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’য় হামলার মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ করেছে তুরস্ক। দেশটির বিচারবিষয়ক মন্ত্রী আকিন গুরলেক এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে আফেক মোসকোভিচ নামে আরেকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। গুরলেক লিখেছেন, গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে গত ১৪ জুলাই এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদেরকে আন্তর্জাতিকভাবে খোঁজার প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
গুরলেক আরও জানান, ইস্তাম্বুলের ১১তম হেভি পেনাল কোর্টে চলা মামলায় আসামি ৩৫ জন। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে চাওয়া বেসামরিক নাগরিকদের ওপর আন্তর্জাতিক জলসীমায় সশস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে।
নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, স্বাধীনতা থেকে বঞ্চিত করা, সম্পত্তির ক্ষতি, ডাকাতি এবং পরিবহন ছিনতাইসহ বিভিন্ন অভিযোগের বিচার প্রক্রিয়াধীন।
গুরলেক এক্সে লিখেছেন, ‘আমরা গাজায় সংঘটিত অপরাধ ধামাচাপা দেওয়ার সুযোগ দেব না। দোষীদের দায়মুক্তি দিয়ে রক্ষা করতেও দেব না।’
- বিষয় :
- বেনিয়ামিন নেতানিয়াহু
- রেড নোটিশ
- ইন্টারপোল
- তুরস্ক