ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত উত্তেজনা প্রশমনে চীনে যাচ্ছেন অজিত দোভাল, ওয়াং ইর সঙ্গে বৈঠক

সীমান্ত উত্তেজনা প্রশমনে চীনে যাচ্ছেন অজিত দোভাল, ওয়াং ইর সঙ্গে বৈঠক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৯:২৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ১৯:৫৩

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামীকাল সোমবার চীন সফরে যাচ্ছেন। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে ভারত ও চীনের বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৫তম দফার বৈঠকে অংশ নেবেন তিনি। মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ প্রতিনিধি ওয়াং ইর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এই বিরোধের একটি সামগ্রিক সমাধানের লক্ষ্যে ২০০৩ সালে দুই দেশের মধ্যে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা শুরু হয়। তবে দুই দশকের বেশি সময় ধরে আলোচনা চললেও সীমান্ত বিরোধের চূড়ান্ত সমাধান এখনো হয়নি।

তারপরও সংবেদনশীল সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং উত্তেজনা এড়াতে বিশেষ প্রতিনিধি পর্যায়ের এই আলোচনা গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে কাজ করছে।

২০২০ সালে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর ভারত ও চীনের সম্পর্কের অবনতি ঘটে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) ঘিরে কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা ছিল। সাম্প্রতিক সময়ে সেই পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দোভালের এবারের চীন সফরও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বলেন, ২০২০ সালের গ্রীষ্ম থেকে ২০২৪ সালের শরৎ পর্যন্ত ভারত-চীন সম্পর্ক ‘বিশেষভাবে খারাপ সময়ের’ মধ্য দিয়ে গেছে। এর মূল কারণ ছিল সীমান্ত এলাকার পরিস্থিতি।

জয়শঙ্কর বলেন, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ভারত ও চীনের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দোভালের বেইজিং সফরের আগে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি এলাকায় চীনের সামরিক তৎপরতা বাড়ার খবরও প্রকাশিত হয়েছে।

ব্রিকস সম্মেলনের আগে দোভালের চীন সফর
দোভালের এবারের সফরটি এমন সময়ে হচ্ছে, যখন আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং অংশ নেবেন কিনা, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বেইজিং।

তবে ভারত ও চীনের কর্মকর্তারা আশা করছেন, শি জিংপিং ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন। সে ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন

×