ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নেপালে বন্যা-ভূমিধস

কৈলাসগামী প্রায় ৪০০ তীর্থযাত্রী নিখোঁজ, মৃতের সংখ্যা বেড়ে ১৭৭

কৈলাসগামী প্রায় ৪০০ তীর্থযাত্রী নিখোঁজ, মৃতের সংখ্যা বেড়ে ১৭৭
×

ছবি: কাঠমান্ডু পোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৫:০৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৫:০৮

চীনের তিব্বতে অবস্থিত কৈলাস মানসরোবর যাত্রায় যাওয়া প্রায় ৪০০ জন তীর্থযাত্রী নেপালের রাসুয়াগড়িতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বুধবার একটি আকস্মিক বন্যা গ্রামগুলোর মধ্য দিয়ে বয়ে যাওয়ার পর রাসুয়ায় নেপাল-চীন সীমান্ত বরাবর রাস্তাঘাট ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। 

কৈলাস পর্বত হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মানুসারীদের কাছে পবিত্র স্থান হিসেবে স্বীকৃত। 

এদিকে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। নেপাল ও চীনের তিব্বত জুড়ে প্রায় ৮০০ বিদেশিসহ প্রায় এক হাজার ৫০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

কাঠমান্ডু-ভিত্তিক টাচ কৈলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর ব্যবস্থাপনা পরিচালক বসু কুমার অধিকারী জানিয়েছেন, ৯৩ জন নেপালিসহ ৩৯০ জন তীর্থযাত্রীর বুধবার সীমান্ত অতিক্রম করার কথা ছিল। অধিকারী বলেন, ‘কয়েকজন ছাড়া বিকেল ৩টা পর্যন্ত আমরা তীর্থযাত্রীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারিনি।’

তীর্থযাত্রীরা বিভিন্ন ট্রাভেল এজেন্সির ক্লায়েন্ট। এর মধ্যে সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ৭১ জন, লিফ হলিডেজের ৫৫ জন, কাঠমান্ডু হলিডেজের ১৭ জন, কৈলাস জার্নির ৩১ জন, এক্সপ্লোর ভ্যাকেশনের ৭ জন, ট্রেকার্স সোসাইটির ৯২ জন, রিচা ট্যুরসের ১২ জন, ফিশটেইল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ২৭ জন, হিমালয়ান গ্লেসিয়ারের ৬২ জন এবং আলপাইন ইকো ট্রেকের ১৬ জন ক্লায়েন্ট রয়েছেন।

ট্রেকিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ নেপালের সভাপতি সাগর পান্ডে জানিয়েছেন, তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের অবস্থা মূল্যায়নের চেষ্টা চলছে। 

পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি নাগরিক। দুই ডজনেরও বেশি দেশ থেকে আসা নিখোঁজ পর্যটকদের মধ্যে ১৭৭ জন ভারতের, ৬৩ জন যুক্তরাষ্ট্রের, ৩৪ জন অস্ট্রেলিয়ার, ৩৩ জন ব্রিটেনের এবং ২৫ জন কানাডার নাগরিক।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, তিব্বতের জিরং কাউন্টিতে নিখোঁজ মানুষের সংখ্যা ৫৫৮ জন, যার মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। চীন জানিয়েছে, নিহতের সংখ্যা তিনে স্থির রয়েছে। 

সূত্র: কাঠমান্ডু পোস্ট

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×