নেপালে বন্যা-ভূমিধস
‘মুহূর্তের মধ্যেই স্রোত আমার স্ত্রী-ছেলেকে ভাসিয়ে নিয়ে গেছে’
ছবি: ভিডিও থেকে নেওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৩:৩৭
নেপাল-তিব্বত সীমান্তে অন্তত ১৬৫ জনের প্রাণহানি এবং ১,৫০০ এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি হিমবাহ ধসে ভোতে কোশির উপনদী লেন্দের প্রবাহ আটকে যাওয়ার পর এই আকস্মিক বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে। কয়েক মিনিটের মধ্যেই বন্যার পানি ভাটির দিকে ধেয়ে যায় এবং নেপালের রাসুয়া, নুয়াকোট এবং ধাদিং জেলার জনবসতির একটি বড় অংশ ভাসিয়ে নিয়ে যায়।
নুয়াকোট থেকে এনডিটিভির গ্রাউন্ড রিপোর্টে দেখা গেছে, বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে গেলেও, এটি ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু এবং কমিউনিটি স্পেসগুলোকে কয়েক মিটার পলিতে ঢেকে রেখে গেছে, যা তল্লাশি ও উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
ওই এলাকার ভিডিওগুলোতে ঘরবাড়ির অন্তত এক তলা পলিতে ঢেকে থাকতে দেখা গেছে। স্থানীয় এক ব্যবসায়ী এনডিটিভিকে বলেন, বন্যা এত দ্রুত এসেছিল যে, লোকজন নিরাপদে স্থানে সরে যাওয়ার জন্য খুব বেশি সময় পায়নি।
বেঁচে ফেরা ওই ব্যক্তি বলেন, ‘সকালে প্রশাসনের লোকজন এসে আমাদের জানায় যে তিব্বত অংশে ভোতে কোশি নদীর একটি বাঁধ ভেঙে গেছে, যার ফলে টন টন পানি আমাদের দিকে ধেয়ে আসছে। আমাদেরকে উঁচু জায়গার দিকে ছুটে যেতে বলা হয়েছিল।’
তিনি জানান, মাত্র কয়েকজনই সময়মতো পৌঁছাতে পেরেছিলেন, কারণ বন্যা কয়েক সেকেন্ডের মধ্যে অনেককে ভাসিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমার ১৮ বছর বয়সী ছেলে এবং স্ত্রীও নিখোঁজ। মুহূর্তের মধ্যেই স্রোত তাদের ভাসিয়ে নিয়ে গেছে।
রাসুয়ার প্রধান কাস্টমস কর্মকর্তা রাজেন্দ্র ধুনগানা কাঠমান্ডু পোস্টকে জানান, তিনি মাটি কেঁপে উঠতে অনুভব করেন এবং বাইরে ছুটে যান। সেখানে তিনি দেখতে পান ধোঁয়ার কুণ্ডলীর মতো কর্দমাক্ত পানি এসে চারপাশের সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রায় ১০০ মিটার উঁচু ঢেউয়ের মতো উঠে বাজারটিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই বাজারটি নিশ্চিহ্ন হয়ে যায়।
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও চীনের তিব্বত জুড়ে প্রায় ৮০০ বিদেশিসহ প্রায় এক হাজার ৫০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে তারা। পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফ্লে রয়টার্সকে বলেন, ‘এই সংখ্যা আরও বাড়বে, কারণ আমরা উদ্ধারকাজ পুনরায় শুরু করেছি। আরও মৃতদেহ উদ্ধার হবে বলে আশঙ্কা করা হচ্ছে।’
পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি নাগরিক। দুই ডজনেরও বেশি দেশ থেকে আসা নিখোঁজ পর্যটকদের মধ্যে ১৭৭ জন ভারতের, ৬৩ জন যুক্তরাষ্ট্রের, ৩৪ জন অস্ট্রেলিয়ার, ৩৩ জন ব্রিটেনের এবং ২৫ জন কানাডার নাগরিক।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, তিব্বতের জিরং কাউন্টিতে নিখোঁজ মানুষের সংখ্যা ৫৫৮ জন, যার মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। চীন জানিয়েছে, নিহতের সংখ্যা তিনে স্থির রয়েছে।
সূত্র: এনডিটিভি