ব্রিক্স সম্মেলন
তিন দিনের সফরে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লির পালাম বিমান বাহিনী ঘাঁটিতে এসে পৌঁছেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৮
ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভোরে দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে পুতিনের বিমান। সেখানে রুশ প্রেসিডেন্ট এবং তাঁর সঙ্গে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ।
নয়াদিল্লির আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেবেন পুতিন। তিনি বার্ষিক ব্রিকস বিজনেস ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন।
এদিকে আগামীকাল শনিবার সম্মেলন শুরুর আগে আজ শুক্রবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন। দুপুর সাড়ে তিনটার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। এই বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং ভারতের সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন প্রকল্পসহ কৌশলগতভাবে নানা বিষয়ে আলোচনা হতে পারে।
এর আগে ৩১ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ২৬তম ‘শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (এসসিও)-এর শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে পুতিনের সঙ্গে দেখা হয়েছিল মোদির। সেই বৈঠকে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ব্রিক্সের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকের পর মোদি জানিয়েছিলেন, ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে পুতিনকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে ভারত।
অন্যদিকে আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
নয়াদিল্লির ভারত মণ্ডপমে শনিবার থেকে শুরু হচ্ছে ১৮তম ব্রিক্স সম্মেলন। চলবে রোববার পর্যন্ত। পুতিন ছাড়াও এই সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানসহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান।
সম্মেলন শুরুর আগে আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিক্স নিয়ে একটি পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি লিখেছেন, ‘আগামী কয়েকদিন বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্রপ্রধানেরা ব্রিক্স সম্মেলনের জন্য সমবেত হবেন। আমি আশাবাদী, এই সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে। বিশ্বের কল্যাণের বিষয়টিও এখানে স্থান পাবে।’ খবর-এনডিটিভি
- বিষয় :
- ভারত
- সম্মেলন
- ভ্লাদিমির পুতিন