ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে উপনির্বাচন 

ভোট চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবির

ভোট চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবির
×

হুমায়ুন কবির। ফাইল ছবি

শুভজিৎ পুততুন্ড, কলকাতা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১০:৫৮ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১১:৩৫

মঙ্গলবার পশ্চিমবঙ্গসহ ভারতের তিন রাজ্যের পাঁচটি বিধানসভা এবং আসামের একটি লোকসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে একাধিক কারণে সবার নজর রয়েছে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের দিকে। সকাল ৭টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে। 

রেজিনগরে উত্তেজনা, আটক হুমায়ুন কবির
ভোটের দিন সকালেই ‘আম জনতা উন্নয়ন পার্টি’র (এজেইউপি) বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রেজিনগরে উপনির্বাচন শুরু হওয়ার পর শক্তিপুরে নিজ গ্রামের বুথে সপরিবারে ভোট দেন বিধায়ক হুমায়ুন কবির। ভোট দিয়েই তিনি নির্বাচন লুটের অভিযোগ তোলেন এবং রেজিনগরে দলীয় কার্যালয়ে চলে আসেন।

পুলিশের অভিযোগ, নির্বাচন চলাকালে দলীয় কার্যালয়ে বসে বিভিন্ন জায়গায় ‘সহিংসতা’ ও ‘উত্তেজনা’ ছড়ানোর উসকানি দিচ্ছিলেন তিনি। পাশাপাশি ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ অভিযোগে রেজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন বর্মন বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই কার্যালয়ে হাজির হন। পুলিশ তাকে দলীয় কার্যালয় ছেড়ে সোজা বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু হুমায়ুন পুলিশের নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে পুলিশের সঙ্গে তার ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। 

একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়। গাড়িতে ওঠার সময় হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে, আমি কিছুই জানি না।’ 

পরে বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হুমায়ুন কবির আইন ভেঙেছেন, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’ এই ঘটনায় নির্বাচন কমিশনও জেলা পুলিশের কাছে জরুরি প্রতিবেদন তলব করেছে।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলেডাঙ্গায় বাবরের নামে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হুমায়ুন কবির। 

নন্দীগ্রাম ও রেজিনগরের ভোটের চিত্র
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম—দুটি আসন থেকেই জয়ী হওয়ার পর নিজের পুরোনো কেন্দ্র নন্দীগ্রাম থেকে ইস্তফা দেন। একইভাবে এজেইউপি নেতা হুমায়ুন কবির নওদা ও রেজিনগর দুই আসন থেকে জয়ী হয়ে রেজিনগর ছেড়ে দেন। শূন্য হওয়া ওই দুই আসনেই আজ উপনির্বাচন হচ্ছে।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৪১৯ জন। এই আসনে লড়ছেন বিজেপির হাসিরানী রথ, কংগ্রেসের মিলন প্রধান, সিপিআইয়ের শান্তি গোপাল গিরি, আইএসএফের আলী মহম্মদ সাবে মিরাজ খান এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মহম্মদ এতেশামুল হক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে সঞ্চিতা প্রধান দে'কে প্রার্থী করলেও পরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। 

সকালেই নিজের ভোট প্রদান করে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেন, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু গতকাল রাত থেকে একটা তাণ্ডব চলছে। আমাদের পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর আসনে মোট ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৪৬ জন। এখানে লড়ছেন বিজেপির শাঁখারভ সরকার, তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী, এজেইউপির গোলাম নবী আজাদ, গণতান্ত্রিক তৃণমূলের সফিউজ্জামান শেখ, কংগ্রেসের মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি এবং সিপিআইএমের সৈয়দ আসাদ আলী।

ভোট নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, দুটি আসনেই আমরা জিতব। নন্দীগ্রামে গত নির্বাচনের চেয়ে পাঁচ গুণ বেশি ব্যবধানে আমরা জয়ী হব। আর রেজিনগরে যেখানে সংখ্যালঘু ভোটার বেশি, সেখানেও এবার বিজেপির প্রার্থীই জয়লাভ করবে।

অন্যান্য রাজ্য ও ফল ঘোষণা
পশ্চিমবঙ্গের দুটি আসনের পাশাপাশি আজ তামিলনাড়ুর দুটি (মাদুরান্তাকম ও ধারাপুরম) এবং পুদুচেরির একটি (থাট্টানচাভাদি) বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে আসামের নগাঁও লোকসভা আসনটিতেও আজ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আগামী ৯ অক্টোবর একযোগে সব কটি আসনের ফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন

×