জাতীয় দলের শেষ ম্যাচের আগে মেসির হৃদয়ছোঁয়া বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১১:৩১ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১২:০৫
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা এখন শেষের পথে। বেনিনের বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে বুধবারের ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে তার বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানার কথা। বিদায়ী ম্যাচের আগে শেষ অনুশীলন সেরে সতীর্থদের সঙ্গে একটি ছবি দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
নিজের নামে নামকরণ করা এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে শেষ অনুশীলনের পর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন মেসি। সতীর্থ, কোচিং স্টাফ, মাঠকর্মী ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবির সঙ্গে তিনি লেখেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো আমি জানি খুব মিস করবো।’
মেসির পোস্ট করা ছবিগুলোর একটি বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের পাশাপাশি মাঠের কর্মী এবং এএফএর কর্মকর্তাদেরও দেখা যায়। ছিলেন সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়াও।
বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে থাকছে বিশেষ আয়োজন। ধারণা করা হচ্ছে, কানায় কানায় পূর্ণ থাকবে গ্যালারি। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের মেসির বেশির ভাগ সতীর্থও এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন। থাকবে বিভিন্ন আয়োজন ও অতিথি শিল্পীদের পরিবেশনা।
এই ম্যাচে আর্জেন্টিনা দলে রয়েছেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোর মতো মেসির দীর্ঘদিনের সতীর্থরা। ওতামেন্দিও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বেনিনের বিপক্ষে মেসি পুরো ৯০ মিনিট মাঠে থাকবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা