ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মুম্বাইয়ে বিক্ষোভে গিয়ে আটক সমাজকর্মী অঞ্জলি দামানিয়া

মুম্বাইয়ে বিক্ষোভে গিয়ে আটক সমাজকর্মী অঞ্জলি দামানিয়া
×
×

সমাজকর্মী অঞ্জলি দামানিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:২৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:৩৪

ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে বিক্ষোভে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন সমাজকর্মী অঞ্জলি দামানিয়া। রোববার শহরের দাদার এলাকার শিবাজি পার্কে বিক্ষোভে যোগ দিতে আসা আরও কয়েক ডজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, শিবাজি পার্কের কাছে পৌঁছালে অঞ্জলি দামানিয়াকে আটক করা হয়। পরে একটি ব্যক্তিগত গাড়িতে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

অঞ্জলি দামানিয়া পিটিআইকে বলেন, ‘সিজেপির সমর্থনে শিবাজি পার্কে পৌঁছানোর পর সাদাপোশাকের পুলিশ সদস্যরা আমাকে আটক করেন। সব পুলিশ সদস্যই সাদাপোশাকে ছিলেন। তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, তা আমি জানি না।’

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিবাজি পার্কের আশপাশ থেকে আটক হওয়া ব্যক্তিদের বেশির ভাগকে শিবাজি পার্ক থানায় নেওয়া হয়েছে। অন্য কয়েকজনকে কাছাকাছি এলাকার বিভিন্ন থানায় নেওয়া হয়েছে।

এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রোববার বাম ছাত্র সংগঠনগুলি কলকাতায় রাস্তায় নামে। শিয়ালদহ থেকে মিছিল বার করে তারা। মিছিল থেকে এসআইআর বাতিলের দাবিও তোলা হয়।

এর আগে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের নেতারা বলেন, পরিস্থিতিকে ‘যুদ্ধাবস্থার’ দিকে ঠেলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লজ্জা হওয়া উচিত। একই সঙ্গে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, রোববার দিল্লিতে সংবাদ সম্মেলন করেন সিজেপির নেতারা। এতে সংগঠনটির সহ-আহ্বায়ক সৌরভ দাস অভিযোগ করেন, সরকার রাষ্ট্রকে নিজ নাগরিকদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। নির্দিষ্ট স্থানে বিক্ষোভ করতে চাওয়া আন্দোলনকারীদের বাধা না দিয়ে কর্তৃপক্ষ চাইলে আলোচনার জন্য প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানাতে পারত।

শনিবার দিল্লিতে সমাবেশ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্য মোতায়েন করে প্রশাসন। আটক করা হয় কয়েক হাজার বিক্ষোভকারীকে। রোববার তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। বন্ধ রাখা মেট্রো পরিষেবা ও ইন্টারনেট চালু করতে রোববার সরকারকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আদালত জানিয়েছেন, যেকোনো ধরনের বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে অবশ্যই সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের অধীনে জনশৃঙ্খলার শর্তাবলি মেনে চলতে হবে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, রোববার বিক্ষোভকারীদের একটি অংশ ফের রাজপথে নামে। মিছিল নিয়ে কনট প্লেসের দিকে যাওয়ার সময় পুলিশ আন্দোলনকর্মী নেহা বোরাকে আটকের চেষ্টা করে। পরে তিনি দৌড়ে এইচ ব্লকের দিকে যান। বিকেল তিনটার দিকে সেখান থেকে নেহাকে আটক করে পুলিশ।

সূত্র: দ্য হিন্দু

আরও পড়ুন

×