ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইমরান খানের মুক্তি দাবি

খাইবার পাখতুনখোওয়া নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে বিতর্ক

খাইবার পাখতুনখোওয়া নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে বিতর্ক
×
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৬:৫০

পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি ও গভর্নর শাসন প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে দেশটির পার্লামেন্টের যৌথ অধিবেশনে আলোচনা চলছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় পরিষদ ও সিনেটের যৌথ অধিবেশনে এ বিষয়ে দুটি প্রস্তাব নিয়ে বিতর্ক হয়। এর আগের দিন পার্লামেন্টের উভয় কক্ষ পৃথক অধিবেশনে এই প্রদেশে জরুরি অবস্থা জারির পক্ষে প্রস্তাব পাস করে। খবর ডনের।

পাকিস্তানের সংবিধানের ২৩২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রেসিডেন্ট নিজ উদ্যোগে জরুরি অবস্থা ঘোষণা করলে তা অনুমোদনের জন্য ১০ দিনের মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষে উপস্থাপন করতে হয়। অন্যদিকে, সংবিধানের ২৩৪ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা গভর্নর শাসনের ঘোষণা পার্লামেন্টের যৌথ অধিবেশনে উপস্থাপন করতে হয়। যৌথ অধিবেশনে অনুমোদন দিয়ে এর মেয়াদ বাড়ানো না হলে দুই মাস পর এ ব্যবস্থা কার্যকারিতা হারাবে। তবে এ ধরনের শাসনের মোট মেয়াদ ছয় মাসের বেশি হতে পারবে না।

পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ 

খাইবার পাখতুনখোয়া প্রদেশে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের অভিযোগ উঠেছে। স্কুল বন্ধ, ইন্টারনেট পরিষেবায় বিধিনিষেধ, শিপিং কনটেইনার দিয়ে সড়ক অবরোধ, শহরে সেনা মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার প্রদেশটির বড়া এলাকায় সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। প্রাদেশিক সরকার স্থগিত করে কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিবাদে এ সংঘর্ষ শুরু হয়। 

ইমরানের সাক্ষাৎ না পেলে আলোচনা নয়: টিটিএপি

পাকিস্তান সরকারের সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তান (টিটিএপি)। গতকাল বৃহস্পতিবার জোটটি জানিয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা এবং তাঁর স্বাস্থ্য সম্পর্কে তথ্য না দেওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না। আলোচনার বিষয়ে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল এর চেয়ারম্যান মাহমুদ খান আচাকজাইয়ের হাতে থাকবে।

আফ্রিদির নিয়োগ চ্যালেঞ্জের আবেদন নিষ্পত্তি

পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে সোয়াইল আফ্রিদির নিয়োগকে চ্যালেঞ্জ করে করা আবেদন নিষ্পত্তি করেছেন দেশটির ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি)। প্রদেশটিতে গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির পর আবেদনটি অকার্যকর হয়ে পড়েছে বলে গতকাল আদালত এ সিদ্ধান্ত দেন। বর্তমানে আফ্রিদি হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন

×