ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

বায়ুদূষণ ঠেকাতে দিল্লিতে পুরোনো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

বায়ুদূষণ ঠেকাতে দিল্লিতে পুরোনো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা
×
×

ছবি: সংগৃহীত

এনডিটিভি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১২:২৪ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১২:২৪

দিল্লি-এনসিআর অঞ্চলে শীতকালীন বায়ুদূষণ নিয়ন্ত্রণে রোববার থেকে কঠোর বিধিনিষেধ কার্যকর করেছে সরকার। নতুন নিয়মে বিএস-৬ মানদণ্ডের নিচে থাকা যানবাহনের দিল্লিতে প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিধিনিষেধ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, নিয়ম বাস্তবায়নে বিশেষ এনফোর্সমেন্ট টিম, স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ (এএনপিআর) ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (আইসিসিসি) কাজ করবে। নিয়ম অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ই-চালান জারি করা হবে।

দিল্লির বাইরে নিবন্ধিত বিএস-৬ মানদণ্ড পূরণ করে না, এমন পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন রাজধানীতে প্রবেশ করতে পারবে না। এতে নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ ও গাজিয়াবাদ থেকে আসা প্রায় ১০ লাখ পুরোনো যানবাহন প্রভাবিত হবে। তবে বৈদ্যুতিক ও সিএনজিচালিত যানবাহন এবং অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবার গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ ছাড়া রোববার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ধুলা সৃষ্টি হয়, এমন সব ধরনের ভবন ভাঙার কাজ ও বাইরের সিভিল নির্মাণকাজ বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় কিছু সরকারি অবকাঠামো প্রকল্প শর্তসাপেক্ষে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ধুলা নিয়ন্ত্রণের নিয়ম মেনে অভ্যন্তরীণ ফিনিশিং, প্লাম্বিং ও বৈদ্যুতিক কাজ করা যাবে।

অফিস পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী সশরীরে কাজ করবেন, বাকি কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। জরুরি পরিষেবাগুলো এ নিয়মের আওতামুক্ত থাকবে।

যানজট কমাতে সরকারি দপ্তরগুলোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের অফিস চলবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর দিল্লি সরকারের অফিস চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে অনেক সরকারি পার্কিং এলাকায় ফি দ্বিগুণ করা হয়েছে। তবে দিল্লি মেট্রো রেল করপোরেশনের পরিচালিত পার্কিংয়ে এ মূল্যবৃদ্ধি কার্যকর হবে না।

নতুন নির্দেশনায় 'নো পিইউসি, নো ফুয়েল' নীতিও কার্যকর করা হয়েছে। ফলে বৈধ দূষণ নিয়ন্ত্রণ সনদ (পিইউসি) ছাড়া কোনো যানবাহনে জ্বালানি দেওয়া হবে না। এ নিয়ম বাস্তবায়নে দিল্লির ৫০০টি পেট্রোল পাম্পে এএনপিআর ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরায় গাড়ির নম্বর প্লেট ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে পিইউসি সনদ বৈধ না হলে পেট্রোল, ডিজেল বা সিএনজি সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন

×