ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

স্কুলে বোমা হামলার হুমকি আতঙ্ক ছড়ানোর কৌশল, নিরাপত্তাঝুঁকির প্রমাণ মেলেনি: ইতালির প্রধানমন্ত্রী

স্কুলে বোমা হামলার হুমকি আতঙ্ক ছড়ানোর কৌশল, নিরাপত্তাঝুঁকির প্রমাণ মেলেনি: ইতালির প্রধানমন্ত্রী
×
×

ছবি: সংগৃহীত

বিবিসি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ২০:০২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ | ২০:১৬

ইতালির প্রায় ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকির ঘটনায় আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তাঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার ধারণা, এসব হুমকি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কোনো কৌশলের অংশ।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জর্জিয়া মেলোনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বোমা হামলার অসংখ্য হুমকির বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় শীর্ষস্থানীয় মন্ত্রী ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে বৈঠকও ডেকেছেন তিনি।

মেলোনি বলেন, ‘এসব খবর মূলত আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত কোনো কৌশলের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে।’ তবে হুমকিগুলোর উৎস ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে।

ইতালির বিভিন্ন শহরের স্কুলগুলোতে ই-মেইলে এসব হুমকি পাঠানো হয়। রোম, নেপলস, ভিসেনজা, ফ্লোরেন্স, পিসা ও ত্রিয়েস্তের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও হুমকির তালিকায় রয়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে প্রায় ২৮০টি স্কুলের প্রধান শিক্ষকের কাছে বোমা হামলার হুমকি এসেছে।

বুধবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন এলাকার স্কুল ভবন খালি করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিতে সন্দেহজনক কিছু না পাওয়ায় শিক্ষার্থীদের আবার শ্রেণিকক্ষে ফেরার অনুমতি দেওয়া হয়।

ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারাও এসব হুমকিকে প্রকৃত নিরাপত্তাঝুঁকির পরিবর্তে সাইবার হামলার অংশ বলে মনে করছেন। দেশটির টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইতালি ও ইউরোপের অন্যান্য দেশে ধারাবাহিকভাবে বোমা হামলার হুমকি দেওয়ার পেছনে একটি সুস্পষ্ট কৌশল রয়েছে। সাম্প্রতিক সময়ে উড়োজাহাজ, সুপারমার্কেট ও হাসপাতালও এ ধরনের হুমকির লক্ষ্যবস্তু হয়েছে।

মধ্যাঞ্চলীয় উমব্রিয়া অঞ্চলের প্রধান স্তেফানিয়া প্রোয়েত্তি এক বিবৃতিতে জানান, ওই অঞ্চলের স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি অভিযোগ দ্রুত ও সতর্কতার সঙ্গে যাচাই করছে।

এদিকে ইতালির বাইরেও একই ধরনের হুমকির ঘটনা ঘটেছে। উত্তর আয়ারল্যান্ডের ৩০০টির বেশি স্কুলে ই-মেইলে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে। পুলিশ এসব হুমকিকে ভুয়া বলে সন্দেহ করছে। স্কটল্যান্ডের কয়েকটি স্কুলেও একই ধরনের বার্তা পাঠানো হয়েছে। তবে তিন দেশের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে ইতালির কয়েকটি বিমানবন্দরসহ ইউরোপের বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলোও ধারাবাহিকভাবে বোমা হামলার ভুয়া হুমকি পায়। এসব ঘটনায় বিভিন্ন স্থাপনা খালি করতে হয় এবং ব্যাপক ভোগান্তি তৈরি হয়। চরমপন্থী নারীবিদ্বেষী একটি গোষ্ঠী প্রথমে কয়েকটি হুমকির দায় স্বীকার করলেও পরে এসব ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করে।

আরও পড়ুন

×