১৪০ বছরে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি
জয়ের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন স্কট কলোম। বুধবার মিসিসিপিতে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১২:৫০
ঐতিহাসিকভাবে রক্ষণশীল অঙ্গরাজ্য হিসেবে পরিচিত মিসিসিপিতে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলোম। স্থানীয় সময় বুধবার মার্কিন গণমাধ্যমগুলো এই পূর্বাভাস দিয়েছে। ১৪০ বছরের বেশি সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যটি প্রথম আফ্রিকান-আমেরিকান সিনেটর পেতে যাচ্ছে।
পেশায় আইনজীবী কলোমের প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান দলের বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথ। প্রাথমিক ফলাফলের পর এক প্রতিক্রিয়ায় কলোম মিসিসিপির কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ের আন্দোলন ও অগ্রগতির প্রতি আস্থা রাখার প্রশংসা করেন।
সমর্থকদের উদ্দেশে কলোম বলেন, ‘মিসিসিপি, আমাদের প্রার্থনা প্রায়ই ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। ঈশ্বর চাননি আমরা এটি সহজে পাই। তিনি চেয়েছিলেন আমরা এটি মিসিসিপির কায়দাতেই অর্জন করি।’
সিএনএন, এনবিসি ও সিবিএস-এর মতো গণমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, এই জয়ের ফলে ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা দাঁড়াল ৫৫টি। অন্যদিকে রিপাবলিকানদের আসন সংখ্যা ৪৪। আলাস্কা অঙ্গরাজ্যের একটি আসনের ফলাফল এখনো অমীমাংসিত।