এনভিডিয়া: কে হচ্ছেন বিশ্বের দামি কোম্পানির নতুন সিইও
এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের বিকল্প হিসেবে আলোচনায় আছেন কোলেট ক্রেস, ইয়ান বাক ও টিম কুকের মতো ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:৫৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৪:০১
কয়েকদিন আগেও বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় শীর্ষে ছিল এনভিডিয়া। জেনসেন হুয়াং বিতর্কের পর বুধবার বাজারমূল্য কিছুটা কমে মাইক্রোসফটের নিচে নেমে গেছে। এ অবস্থায় নতুন প্রধান নির্বাহী বাছাইয়ের ইঙ্গিত দিয়েছে চিপ জায়ান্ট কোম্পানিটি।
১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতের শীর্ষ এই কোম্পানির নেতৃত্ব দিয়ে আসছেন ৬৩ বছর বয়সী হুয়াং। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, তাঁর ভবিষ্যৎ নির্ধারণে স্থানীয় সময় বুধবার বৈঠকে বসেছে পরিচালনা পর্ষদ।
পর্ষদ যদি হুয়াংকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে হাল ধরার জন্য বেশ কয়েকজনের সামনে দরজা খুলে যাবে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় আসছে, তাদের কয়েকজনের তথ্য তুলে ধরা হলো:
অভ্যন্তরীণ নিয়োগ
এএফপি জানিয়েছে, এনভিডিয়ায় ৪০ হাজারের বেশি কর্মী আছেন। কোম্পানির হাল ধরতে পরিচালনা পর্ষদ চাইলে নিজেদের ভেতর থেকেই কাউকে বেছে নিতে পারে। এই দৌড়ে হুয়াংয়ের অধীনে সরাসরি কাজ করা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন।
প্রযুক্তিবিষয়ক গণমাধ্যমগুলো সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসের নাম উল্লেখ করছে। নেতৃত্বের শীর্ষ পর্যায়ে তাঁর অবস্থানই সবচেয়ে বেশি মজবুত।
সম্ভাব্য তালিকায় আরও আছেন শীর্ষ কর্মকর্তা ইয়ান বাক। তিনি কোম্পানির ডেটা সেন্টার গ্রাহকদের দেখভাল করেন। বাজারে এনভিডিয়ার তৈরি চিপগুলোর চাহিদা ধরে রাখতে যে সফটওয়্যার কাজ করে, সেটির অন্যতম মূল কারিগর ইয়ান।
বাণিজ্যবিষয়ক সাময়িকী ‘ইঙ্ক’ সম্ভাব্য সিইও হিসেবে এনভিডিয়ার অ্যাপ্লাইড ডিপ লার্নিং রিসার্চের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান কাটানজারোর নামও উল্লেখ করেছে।
পরিবার থেকে উত্তরাধিকার
জেনসেন হুয়াং এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা। ফলে নিজের পরিবারের সদস্যদেরও তিনি সিইও পদে বসানোর চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে তাঁর হাতে একাধিক বিকল্প আছে।
প্রযুক্তি বিশ্লেষকদের আলোচনায় জোরালোভাবে হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন হুয়াংয়ের নাম উঠে এসেছে। তিনি বর্তমানে এনভিডিয়ার প্রোডাক্ট মার্কেটিংয়ের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিলাসবহুল পণ্যের বহুজাতিক কোম্পানি এলভিএমএইচ-এ বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
জেনসেন হুয়াংয়ের ছেলে স্পেন্সার হুয়াংও সম্ভাব্য উত্তরসূরি হতে পারেন। তিনি বর্তমানে এনভিডিয়ার রোবোটিকস বিভাগে প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক হিসেবে কর্মরত।
হুয়াংয়ের আত্মীয় লিসা সু-ও একজন যোগ্য প্রার্থী। তিনি সেমিকন্ডাক্টর জায়ান্ট এএমডি-তে দীর্ঘদিন সিইও হিসেবে কাজ করেছেন।
টেক সিইও রদবদল
অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানে সিইও হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে রেনে হাসের নামও উচ্চারিত হচ্ছে। তিনি যুক্তরাজ্যভিত্তিক চিপ নকশাকারী প্রতিষ্ঠান এআরএম-এর সিইও।
সিলিকন ভ্যালিতে আরও একজনের নাম নিয়ে ব্যাপক জল্পনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এএফপিকে বলছে, ওই ব্যক্তি হলেন অ্যাপলের সাবেক সিইও টিম কুক। ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর গত আগস্টে তিনি দায়িত্ব ছাড়েন। তাঁকেও এনভিডিয়ার সম্ভাব্য সিইও হিসেবে বিবেচনা করা হতে পারে।