‘গুপ্তচর প্রেমিকা’ ও এনভিডিয়ার সিইও কেন আলোচনায়?
তাইওয়ানের একটি বারে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং। ২০২৪ সালের জুনে। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ১৬:২২ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ | ১৭:০৫
মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া কম্পিউটারের জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট তৈরির জন্য সবচেয়ে বেশি পরিচিত। বর্তমানে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ও ডেটা সেন্টার প্রযুক্তির অন্যতম প্রধান প্রতিষ্ঠান। কিন্তু এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সম্প্রতি ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন।
সন্দেহ করা হচ্ছে সিইও জেনসেন হুয়াং চীনা গুপ্তচরবৃত্তির শিকার হয়েছিলেন। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকির বিষয়ও যুক্ত থাকতে পারে। সন্দেহটি খতিয়ে দেখতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করেছে।
গত মাসে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী ও চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ছিল। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তদন্ত করে জানতে পেরেছে, অ্যালিস চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন।
যুক্তরাষ্ট্রের মেমোর বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস লিখেছে, ‘চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জেনসেন হুয়াংয়ের।’ এ নিয়ে শুরুতে হুয়াং বলেন, অ্যালিসের সঙ্গে তাঁর যোগাযোগটি ছিল ‘সম্পূর্ণ স্বাভাবিক, এতে অস্বাভাবিক কিছু ছিল না’। পরে কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় লিখেন, স্ত্রীর প্রতি বিশ্বস্ত না থাকার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।
অ্যালিস হুয়াং কে, মেগাস্পিড কী?
এনভিডিয়ার তৈরি উন্নত এআই চিপ চীনে রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে। সন্দেহ করা হচ্ছে এই চিপ চীনে পাঠাতে সহায়তা করেছে মেগাস্পিড। সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠানটি এনভিডিয়ার পণ্যের গ্রাহক।
দ্য নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনা নাগরিক অ্যালিস হুয়াং এনভিডিয়ার সিইওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। অভিযোগ আছে, তিনি সরাসরি বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করতেন। তবে এসব দাবি রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। মেগাস্পিডে অ্যালিস হুয়াং বর্তমানে কর্মরত আছেন কি না, তাও নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থাটি।
মেগাস্পিডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার ক্লাউড পার্টনার। তাদের কাছে এনভিডিয়ার জিবি২০০ এনভিএল৭২ ও এইচজিএক্স এইচ১০০ চিপ পাওয়া যায়। মন্তব্যের জন্য মেগাস্পিডের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু সিঙ্গাপুরে সোমবার সরকারি ছুটি থাকায় প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক সাড়া দেয়নি।
গত মাসে নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে মন্তব্যের জন্য অ্যালিসের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তিনি সাড়া দেননি। সোমবার তাঁর অবস্থানের বিষয়ে রয়টার্সও কিছু জানতে পারেনি।
এখন কেন আলোচনায়?
নিউইয়র্ক টাইমস গত মাসে প্রতিবেদন প্রকাশ করলেও ঘটনাটি আলোচনার কেন্দ্রে আসে মধ্যবর্তী নির্বাচনের পর। একই সময় এআইয়ের ওপর ডেমোক্র্যাটদের সম্ভাব্য নিয়ন্ত্রণ আরোপের বিষয়টিও উদ্বেগ তৈরি করেছে। এনভিডিয়ার পর্ষদ তদন্তের ঘোষণা দেওয়ার পর সোমবার তা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান খবরে পরিণত হয়।
তাইওয়ানে জন্মগ্রহণ করা জেনসেন হুয়াং ও তাঁর প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তি প্রতিযোগিতার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। এনভিডিয়া যুক্তরাষ্ট্রে এআই উত্থানে বড় ভূমিকা রেখেছে। তাদের চিপ ব্যবহার করে চীন যাতে এআই শিল্পে বিপ্লব ঘটাতে না পারে, সেজন্য ২০২২ সালে বিধিনিষেধ আরোপ করে ওয়াশিংটন। এ কারণে বেইজিংয়ের প্রযুক্তি কোম্পানিগুলো সরাসরি এনভিডিয়ার চিপ কিনতে পারে না।
২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটি চালুর সময় এআই কম্পিউটিংয়ের চাহিদা বৃদ্ধির কেন্দ্রে ছিল এনভিডিয়ার চিপ। তারা এখন বড় প্রযুক্তি কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহকারী। ২০২২ সালের শেষ দিকে কোম্পানিটির বাজারমূল্য ছিল ৪২০ বিলিয়ন ডলার। ৬ নভেম্বর তা বেড়ে ৪ লাখ ৫০ হাজার কোটি ডলারে দাঁড়ায়।
কিন্তু মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক পুঁজিবাজারে এআই নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এনভিডিয়া কিছুটা ঝুঁকির মুখে আছে। এমন সময়ে জেনসেন হুয়াংয়ের ওপর চীনা গুপ্তচরবৃত্তির খবর সামনে এলো।
এই খবরের পর জাতীয় নিরাপত্তার বিষয়কে সামনে আনছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যরা। মধ্যবর্তী নির্বাচনে তারা কংগ্রেসের উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তারা নিরাপত্তা উদ্বেগ জানিয়ে হুয়াংয়ের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন।
এনভিডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপন তথ্যের কোনো ক্ষতি হয়নি। তবে পরিচালনা পর্ষদের স্বাধীন তদন্ত কমিটি জানিয়েছে, তারা এ সংক্রান্ত সব তথ্য পর্যালোচনা করবে।
- বিষয় :
- গুপ্তচরবৃত্তি
- চীন
- যুক্তরাষ্ট্র
- এআই
- প্রযুক্তি
- কোম্পানি