ফ্যাসিবাদী শক্তি আর ফিরতে পারবে না, এআই ব্যবহার করে অপপ্রচার চলছে: বিমানমন্ত্রী
সমীক্ষা চলছে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দরের
ময়মনসিংহে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’র গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৮:১২
গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর কখনোই ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ফ্যাসিবাদের গুপ্তচররা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সহিংসতার বিভিন্ন ঘটনা অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে। তবে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে কেউ পার পাবে না।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের টাউন হল এলাকার তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’র গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে উসকানি দিয়ে কলকারখানার উৎপাদন ব্যাহত ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছিল। তবে শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরেছেন। তাদের বেতন-ভাতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। মূলত ফ্যাসিবাদী শক্তির কিছু গুপ্তচর এসব আন্দোলনে ইন্ধন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই অপচেষ্টা সফল হবে না।
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দরের সমীক্ষা চলছে
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে রশিদুজ্জামান মিল্লাত জানান, আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য ময়মনসিংহের ত্রিশালকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এ বিষয়ে সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষায় উঠে আসা বিষয়গুলো স্থানীয় সংসদ সদস্যদের জানানো হয়েছে এবং প্রয়োজনীয় জমির সংস্থান নিয়েও কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগোনো হবে।
তিনি আরও বলেন, একটি বিমানবন্দর নির্মাণ ও চালু করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। শুধু একটি টার্মিনাল নির্মাণ করতেই আট থেকে দশ বছর সময় লেগে যেতে পারে। তাই পরিকল্পনা ও সম্ভাব্যতা বিবেচনা করেই ত্রিশালে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নেত্রকোনা, বিরিশিরি, ময়মনসিংহ শহর, ত্রিশাল ও হালুয়াঘাটসহ এ অঞ্চলের বিভিন্ন স্থানকে সমন্বিত করে একটি মহাপরিকল্পনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ময়মনসিংহের উন্নয়নকাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে।
শিক্ষা ও মেধা বিকাশে বিতর্কের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার মেধাবীদের খুঁজে বের করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে পাইলট নিয়োগে মেধা অন্বেষণ কার্যক্রম চালু করা হয়েছে, যাতে শুধু পাইলটের সন্তান নয়, একজন কৃষকের সন্তানও যোগ্যতার ভিত্তিতে পাইলট হওয়ার সুযোগ পান। একইভাবে প্রতিটি মন্ত্রণালয়ে মেধাবীদের খুঁজে বের করে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের এই আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি প্রতিটি উপজেলা পর্যায়ে এমন বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
বিতর্কে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
জেলার ১৩টি উপজেলা, সদর ও সিটি কর্পোরেশন এলাকা থেকে মোট ৩২টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ’—শীর্ষক বিতর্কে প্রস্তাবের বিপক্ষে লড়ে চ্যাম্পিয়ন হয় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী। অনুষ্ঠান শেষে মন্ত্রী চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ ও পুরস্কার তুলে দেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মাহবুবুর রহমান লিটন ও লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।