ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিবাহবহির্ভূত দ্বিতীয় সম্পর্কের খবর প্রকাশ, ঝুঁকিতে হুয়াংয়ের এনভিডিয়া সিইও পদ 

বিবাহবহির্ভূত দ্বিতীয় সম্পর্কের খবর প্রকাশ, ঝুঁকিতে হুয়াংয়ের এনভিডিয়া সিইও পদ 
×
×

জেনসেন হুয়াং ও কিম্বার্লি পাওয়েল। কোলাজ: পিপল ডটকম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১০:৩৯ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১২:১৯

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের দ্বিতীয় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে নতুন করে চাপে পড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানটি। কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে তার কথিত সম্পর্কের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এ ঘটনায় হুয়াংয়ের পদও ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার নেতৃত্ব নিয়ে পর্যালোচনা করতে বোর্ডের বৈঠকের খবর নিশ্চিত করা হয়। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, হুয়াংকে পদত্যাগে বাধ্য করার প্রস্তুতি নিচ্ছে পরিচালনা পর্ষদ। খবরটি প্রকাশের পর লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৯ শতাংশের বেশি কমে যায়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। গত মার্চে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসের একটি হোটেলে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পাওয়েল এনভিডিয়ার স্বাস্থ্যসেবা ব্যবসার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসা চিত্রায়ণ, জীবনবিজ্ঞান, ওষুধ আবিষ্কার এবং স্বাস্থ্যসেবা বিশ্লেষণে ব্যবহৃত প্রযুক্তি নিয়ে কাজ করে তার নেতৃত্বাধীন বিভাগ। ২০১৭ সাল থেকে তিনি এ বিভাগের দায়িত্ব পালন করছেন।

এনভিডিয়া ও পাওয়েল এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

এর আগে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা এক নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ওই নারী চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) সঙ্গে যুক্ত। অ্যালিস হুয়াং নামের ওই নারীর সঙ্গে সম্পর্কের কথা হুয়াং স্বীকার করেছেন বলে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে নিউইয়র্ক টাইমসও প্রতিবেদন প্রকাশ করে।

দুটি সম্পর্কের অভিযোগ সামনে আসার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে। বিশেষ করে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখতে আইনি প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে নিয়োগ দেওয়া হয়েছে।

এরই মধ্যে নিজের ব্যক্তিগত জীবনের ভুলের জন্য স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন হুয়াং। গত রোববার এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার কাজ তাকে এবং আমাদের সন্তানদের আঘাত করেছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত হয় না। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

এদিকে হুয়াংয়ের সঙ্গে পাওয়েলের সম্পর্কের গুঞ্জন এনভিডিয়ায় দীর্ঘদিন ধরেই চলছিল বলে জানিয়েছেন কোম্পানিটির এক সাবেক কর্মী। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগ কোম্পানিটির মোট ব্যবসার তুলনায় ছোট হলেও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বাস্থ্যপ্রযুক্তি, ওষুধ আবিষ্কার ও চিকিৎসাসেবায় এর ভূমিকা বাড়ছে। ফলে বিভাগের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সিইওর কথিত সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগ কোম্পানির সুশাসন ও নেতৃত্বের প্রশ্নও সামনে এনেছে।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারেও চাপে রয়েছে এনভিডিয়া। বুধবারের বড় দরপতনের আগে চলতি সপ্তাহেই কোম্পানিটির শেয়ারের দাম ৭ শতাংশ কমেছিল। এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের ভবিষ্যৎ এবং ডেটা সেন্টার নির্মাণে সম্ভাব্য বাধা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও শেয়ারের দামে প্রভাব ফেলছে।

আরও পড়ুন

×