নাগরিক সমাজ
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
ছবি: সমকাল
জাহিদুর রহমান, আনতালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ২১:২২
জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোকেই এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের দায়িত্ব নিতে হবে। উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়ন কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত বাধ্যবাধকতা। তাই বেসরকারি অর্থায়নের ওপর নির্ভরতা বাড়িয়ে উন্নত দেশগুলোর দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিণের বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব দাবি জানিয়েছেন। তাদের উদ্বেগ, সম্মেলনে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় তা সম্ভব হয়নি। অর্থের পরিমাণ, উৎস, সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো নিয়েও এখনো সুস্পষ্ট সমঝোতা নেই।
আজ শনিবার সম্মেলনস্থলের সংবাদ সম্মেলন কক্ষ-২-এ ‘প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত করা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশের কোস্ট ফাউন্ডেশন, ভারতের মুভমেন্ট ফর অ্যাডভান্সিং আন্ডারস্ট্যান্ডিং অব সাসটেইনেবিলিটি অ্যান্ড মিউচুয়ালিটি (মৌসম) এবং লিডার্স বাংলাদেশ।
বক্তারা বলেন, কপ-৩১-কে আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটিকে বাস্তবায়ন ও জবাবদিহির সম্মেলনে রূপ দিতে হবে। অভিযোজন অর্থায়ন তিন গুণ করার অঙ্গীকার বাস্তবায়নে সম্মেলন থেকেই সুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়নব্যবস্থা ও কার্যকর জবাবদিহি কাঠামো নিশ্চিত করতে হবে।
প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী, উন্নত দেশগুলোকে ঐতিহাসিক দায় ও অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়ন করতে হবে। একই সঙ্গে বড় নির্গমনকারী দেশগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। দ্রুত ও উল্লেখযোগ্য হারে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত, সুশৃঙ্খল ও ন্যায়সংগত উত্তরণেরও দাবি জানান তারা।
ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন ও অতিরিক্ত, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য অর্থায়নে সরাসরি প্রবেশাধিকার, দ্রুত অর্থ ছাড় এবং সহজ ও স্বচ্ছ অর্থপ্রাপ্তির ব্যবস্থা গড়ে তুলতে হবে।
সংবাদ সম্মেলনে ভারতের মৌসমের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো ভয়াবহ বন্যাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। এসব দুর্যোগের প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার হলেও ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এতে আন্তর্জাতিক মানবিক সহায়তা ও অর্থায়নব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
নেপালের পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থায় ঔপনিবেশিক ক্ষমতা ও নিয়ন্ত্রণের চর্চা রয়েছে। বৈশ্বিক দক্ষিণের দেশগুলো খরা, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। অথচ প্রয়োজনীয় অর্থ পেতে এসব দেশকে জটিল আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই কাঠামো থেকে বেরিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ, দ্রুত ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।
ভারতের অজয় কুমার বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। অথচ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের সামান্য অংশই এ অঞ্চলে পৌঁছায়। প্রাপ্ত অর্থায়নের ৮০ শতাংশের বেশি পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত। দক্ষিণ এশিয়ার অংশ অত্যন্ত সীমিত। এই বৈষম্য জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থায়নপ্রাপ্তির সংকট আরও গভীর করছে। তাই দক্ষিণ এশিয়ার জন্য ন্যায্য, পর্যাপ্ত ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।
শ্রীলঙ্কার ফিয়ান-এর থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু নানা প্রতিশ্রুতি ও অর্থায়নব্যবস্থা থাকা সত্ত্বেও তৃণমূল পর্যায়ের মানুষ প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। এই অর্থায়নব্যবস্থা বাস্তুচ্যুত মানুষ ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজন কীভাবে পূরণ করবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কাছে অর্থের সরাসরি প্রবাহ নিশ্চিত করতে হবে।
লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনায় জলবায়ুজনিত বাস্তুচ্যুতিকে অগ্রাধিকার দিতে হবে। এ জন্য বিশেষায়িত অর্থায়নব্যবস্থা গড়ে তোলা জরুরি। পরিকল্পিত পুনর্বাসন ও স্থানান্তরের ক্ষেত্রে মানুষের মানবাধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। এ ছাড়া আঞ্চলিক সহযোগিতা ও তথ্য বিনিময় বাড়ানোর পাশাপাশি প্রতিশ্রুত অর্থ দ্রুত বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে হবে।
কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম এ হাসান বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব।
কপ-৩১-এর জলবায়ু অর্থায়নবিষয়ক কর্মসূচিতে এই দায়িত্বের পরিধি ও অর্থায়নের উৎস নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে উল্লেখ করে এম এ হাসান বলেন, বেসরকারি অর্থায়ন দিয়ে উন্নত দেশগুলোর ৯.১ অনুচ্ছেদের বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা যাবে না।
- বিষয় :
- জলবায়ু