ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কপ৩১ ‘ছিনতাই’ হয়ে গেছে, জলবায়ু চুক্তি হয়নি

কপ৩১ ‘ছিনতাই’ হয়ে গেছে, জলবায়ু চুক্তি হয়নি
×
×

পূর্ণাঙ্গ অধিবেশন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম। রোববার তুরস্কের আনতালিয়ায়। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২০:৪১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ২০:৪৫

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) রোববার শেষ হয়েছে। কিন্তু কোনো চুক্তি হয়নি। মূল আয়োজনের পর অতিরিক্ত ৪৪ ঘণ্টা ধরে তৎপরতা চললেও চুক্তির বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ফলে বিশৃঙ্খল সমাপনীর মাধ্যমে আয়োজনের পর্দা নামে।

চুক্তির খসড়ায় স্পষ্টভাবে জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কয়েকটি দেশ তাতে সমর্থন দেয়নি। ইইউ প্রেসিডেন্সির দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী দারা ও’ব্রায়েন বলেছেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ জীবাশ্ম জ্বালানি। কিন্তু সে কথা খসড়ায় নেই। এ কারণে তারা সমর্থন দেননি।

আনতালিয়ায় সম্মেলন কক্ষের বাইরে ও’ব্রায়েন এএফপিকে বলেন, ‘তেল উৎপাদনকারী কয়েকটি রাষ্ট্র সম্মেলনটি ছিনতাই (নিয়ন্ত্রণে নেওয়া অর্থে) করেছে।’

অংশগ্রহণকারী দেশগুলোর সম্মত হওয়া বিষয় এবং ভবিষ্যত পদক্ষেপের দিকনির্দেশনা দিতে ‘সমাপনী সিদ্ধান্ত’ গ্রহণের উদ্যোগ নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু চূড়ান্ত প্রস্তাবে শেষ পর্যন্ত কয়লা, তেল ও গ্যাসের বিষয়ে কোনো বক্তব্য উল্লেখ ছিল না। সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলো চুক্তিতে জীবাশ্ম জ্বালানি শব্দ ব্যবহারের বিরোধীতা করে।

বিপরীতমুখী অবস্থানের কারণে সম্মেলনের সমাপনী অধিবেশন বিশৃঙ্খলায় রূপ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে মার্শাল দ্বীপপুঞ্জের জলবায়ুবিষয়ক দূত ক্যাথি জেটনিল-কিজিনার বলেন, ‘জীবাশ্ম জ্বালানির স্বার্থ রক্ষায় আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আপস করব না। আমাদের নিরাপত্তা ক্ষুণ্ন করে এবং ভবিষ্যৎকে হুমকিতে ফেলে- এমন সিদ্ধান্ত মানব না।’

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় ঐকমত্যের ভিত্তিতে। অর্থাৎ, অংশগ্রহণকারী প্রায় ২০০টি দেশের মধ্যে মাত্র একটি দেশও আপত্তি তুলে চুক্তি আটকে দিতে পারে। ইইউয়ের পাশাপাশি চুক্তির বিরোধীতা করেছে পানামা, ভানুয়াতু ও মধ্য আমেরিকার দেশ বেলিজ।

কপ-৩১ এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম সমাপনী অধিবেশনে বলেন, চুক্তিটি নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। এ কারণে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

‘দূষণের অনুমতিপত্র’
সবশেষ খসড়ায় ২০২৩ সালের জলবায়ু চুক্তির প্রসঙ্গ টানা হয়েছে। ওই চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা বলা হয়েছিল। কিন্তু এবারের খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দটি সরাসরি উল্লেখ করা হয়নি।

খসড়ায় ‘কার্বন ক্যাপচার’ প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রাখার প্রস্তাব আছে। জীবাশ্ম জ্বালানি শিল্প এই প্রযুক্তির সমর্থক। কিন্তু কার্বন নির্গমন কমাতে এই প্রযুক্তি বেশ ব্যয়বহুল ও কার্যকরিতা নিয়ে সমালোচনা আছে।

সৌদির জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব বৃহত্তর আরব গোষ্ঠীর পক্ষে বলেন, ‘আমরা মনে করি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব ধরনের সমাধান বিবেচনায় রাখা প্রয়োজন। দেশগুলো তাদের জাতীয় পরিস্থিতি অনুযায়ী এসব সমাধান বেছে নেবে।’

তবে পরিবেশবাদী সংগঠন ‘৩৫০ ডট অর্গের’ সারা শ বলেন, এই খসড়া কোনো জলবায়ু পরিকল্পনা নয়। এটি দূষণ চালিয়ে যাওয়ার অনুমতিপত্র।

আরও পড়ুন

×