ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা, পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছেন কিম
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২৩:৩৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের একাধিক উদ্যোগে সাড়া দেননি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর মধ্যে ট্রাম্পের পাঠানো একটি চিঠিও খাম না খুলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে অনাগ্রহ দেখানোর পাশাপাশি পারমাণবিক অস্ত্রের মজুত বাড়িয়ে চলেছেন কিম।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর সরকারি টেলিফোন লাইনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প। তবে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
পরে কিমের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে ডব্লিউএসজে জানায়, হোয়াইট হাউসের কর্মকর্তারা নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘে উত্তর কোরিয়ার দপ্তরের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন।
এ জন্য মার্কিন কর্মকর্তাদের একটি দল দপ্তরটির বাইরে অপেক্ষা করছিল। উত্তর কোরিয়ার এক কূটনীতিক সেখান দিয়ে যাওয়ার সময় তারা তার হাতে চিঠিটি তুলে দেন। কিন্তু পরে জাতিসংঘের একটি বৈঠকে ওই কূটনীতিক খাম না খুলেই চিঠিটি একজন মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ ও ২০১৯ সালে কিমের সঙ্গে তিনবার সাক্ষাৎ হয়েছিল। ওই বৈঠকগুলোর প্রধান লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি করানো। তবে বর্তমানে কিম এ বিষয়ে আলোচনায় আগ্রহী নন বলেই মনে হচ্ছে। ট্রাম্পের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ক্ষেত্রেও তার অনীহা রয়েছে।
সম্প্রতি এশিয়া সফরের সময় কিমের সঙ্গে আরেকটি বৈঠকের আয়োজনের চেষ্টা করেছিলেন ট্রাম্প। শেষ মুহূর্তে দুই পক্ষের মধ্যে এ নিয়ে আলোচনাও হয়েছিল। তবে ডব্লিউএসজের প্রতিবেদন অনুযায়ী, কিম এমন কিছু শর্ত দিয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি।
গত বছরের একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেও উত্তর কোরিয়ার অবস্থানের বিষয়টি উঠে আসে। এতে বলা হয়েছিল, ‘কিম তার কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে দরকষাকষি করে তা ত্যাগ করার কোনো ইচ্ছাই রাখেন না।’
২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের সর্বশেষ সাক্ষাতের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আনুমানিক ২০ থেকে ৩০টি ওয়ারহেডের মজুত বেড়ে এখন প্রায় ৬০টিতে পৌঁছেছে। এ ছাড়া দেশটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করেছে।
কঠিন জ্বালানিচালিত এসব ক্ষেপণাস্ত্রে আগে থেকেই জ্বালানি ভরে রাখা যায়। ফলে এগুলো দ্রুত প্রস্তুত করে চলন্ত যানবাহন থেকেও উৎক্ষেপণ করা সম্ভব। এ কারণে উৎক্ষেপণের আগে ক্ষেপণাস্ত্রগুলোর অবস্থান শনাক্ত করা তুলনামূলক কঠিন।
অন্যদিকে, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বেড়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর পিয়ংইয়ং মস্কোকে সমর্থন দেয়। ওই বছরের শেষ দিকে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, উত্তর কোরিয়া রাশিয়ায় রকেট ও কামানের গোলা পাঠাচ্ছে।
ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমেও উত্তর কোরিয়া অর্থ সংগ্রহ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডব্লিউএসজের দাবি, সম্প্রতি দেশটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি অর্থ চুরি করেছে, যা ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা।
গত ফেব্রুয়ারিতে এক ভাষণে কিম বলেছিলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে মেনে নিলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব। অন্যথায় দুই দেশকে ‘অনন্ত সংঘাতের’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি।
ট্রাম্প ও কিমের সম্পর্কের শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ। ২০১৭ সালের ১ জানুয়ারি কিম ঘোষণা করেছিলেন, উত্তর কোরিয়া প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। এর জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘এটি ঘটবে না।’
পরবর্তী সময়ে ট্রাম্প উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমার জন্য একটি সাধারণ চুক্তি করা এবং বিজয় দাবি করা খুবই সহজ হতো। আমি তা করতে চাই না। আমি চাই তারা তাদের পারমাণবিক অস্ত্র ছেড়ে দিক।’
২০১৮ সালের সেপ্টেম্বরে এক সমাবেশে কিমের সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেছিলেন, ‘প্রেমে পড়ে (কিম জং উনের) গিয়েছিলাম।’
২০১৯ সালে দুই নেতার দ্বিতীয় বৈঠকে কিম উত্তর কোরিয়ার প্রধান ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের কিছু স্থাপনা বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এর বিনিময়ে তিনি দেশটির ওপর আরোপিত বাণিজ্যসংক্রান্ত জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান। তবে এ নিয়ে কোনো সমঝোতা হয়নি।