ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

চীনে শনাক্তের আগেই অস্তিত্ব ছিল করোনার: গবেষণা

চীনে শনাক্তের আগেই অস্তিত্ব ছিল করোনার: গবেষণা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০ | ২২:১২ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ | ২২:৩৮

প্রাণঘাতী করোনাভাইরাসের উৎস নিয়ে ধোঁয়াশা কাটছেই না। এ নিয়ে একদিকে যেমন আছে অভিযোগ-পাল্টা অভিযোগ, অন্যদিকে আছে গবেষণার নতুন নতুন তথ্য। চীন যখন করোনার উৎস দেশ হিসেবে তথ্যপ্রমাণ ছাড়াই বিভিন্ন দেশের নাম উচ্চারণ করে যাচ্ছে, তখন দেশটির প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছ থেকেই এসেছে ভিন্ন এক বার্তা।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, উহানে করোনার প্রাদুর্ভাবের আগেই যুক্তরাষ্ট্রের অন্তত ৯টি রাজ্য থেকে নেওয়া রক্তের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্র ছাড়াও ইতালি, ফ্রান্স এবং আরও কয়েকটি দেশে একই চিত্র পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সিডিসির একটি গবেষণার তথ্য দিয়ে গত মঙ্গলবার সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।

সিডিসির গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ছাড়াও ইতালি ও ফ্রান্স থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উহানে করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগেই কয়েকটি দেশে এর বিস্তারের জোরালো আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সিডিসির বিজ্ঞানীরা বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া বেশ কিছু রক্তের নমুনা পৃথক করে পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, কিছু রক্তের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, যা কভিড-১৯ বিস্তারের প্রমাণ।

গত বছর ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা সরকারিভাবে জানানো হয়। আর যুক্তরাষ্ট্রে কভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করা হয় চলতি বছরের ২১ জানুয়ারি। এখন সিডিসির গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, উহানের আগেই যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে করোনার অস্তিত্ব ছিল।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের রেডক্রসের নেওয়া গত বছরের ১৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত কিছু রক্তের নমুনা পরীক্ষা করেন সিডিসির বিজ্ঞানীরা। ৯টি রাজ্য থেকে সংগৃহীত সাত হাজার ৩৮৯টি নমুনার করোনা পরীক্ষা হয়। নমুনাগুলোর মধ্যে কমপক্ষে ১০৬টিতে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ওয়াশিংটন, ওরেগন ও ক্যালিফোর্নিয়া রাজ্যের কয়েকটি নমুনা ছিল। এই নমুনাগুলো গত বছর ১৩ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে সংগ্রহ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সিডিসিরি এই গবেষণা যদি সত্যি হয়, তাহলে এতদিন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইরাস ছড়ানোর জন্য এককভাবে চীনকে যেভাবে দায়ী করেছেন, তা আর ধোপে টিকবে না। ট্রাম্প করোনাভাইরাসকে 'চায়নিজ ভাইরাস' বলে এর দায় চীনের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন। একই সঙ্গে এখন পর্যন্ত জানামতে করোনার উৎস দেশ চীনকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ট্রাম্প যে অভিযোগ তুলেছেন, তাও খারিজ হয়ে যাবে। 

আরও পড়ুন

×