যুক্তরাষ্ট্রের আদালতের রায়
সাংবাদিককে ১৮ কোটি ডলার দিতে হবে ইরানকে
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৭:৪৬
গুপ্তচরবৃত্তির দায়ে তেহরানে আটক এক সাংবাদিককে ১৮ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
২০১৪ সালে ইরানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ওই সাংবাদিককে আটক করা হয়েছিল। ১৮ মাস তিনি কারাগারে আটক ছিলেন। এর দায়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের আদালত এ রায় দেন। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক বলেন, সাংবাদিক জেসন রেজওয়ান বন্দিজীবনে যে অর্থনৈতিক ক্ষতি ও যন্ত্রণার মুখোমুখি হয়েছেন এবং তার পরিবারকে যে সংকটে পড়তে হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে ওই অর্থ দিতে নির্দেশ দেওয়া হলো। এ ছাড়া আটকাবস্থায় তাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল। ঘুম ও চিকিৎসার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছিল। এমনকি ওই সময় তাকে মৃত্যুদণ্ডেরও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
জেসন রেজওয়ান ওয়াশিংটন পোস্টে কাজ করতেন। পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের আদালতের এ রায় অনেকটা প্রতীকী। ইরান এ মামলার কোনো জবাব দেয়নি এবং ইসলামি প্রজাতন্ত্রের দেশটির কাছ থেকে কোনো ক্ষতিপূরণ প্রত্যাশা করা যায় না।
আটকের সময় জেসন রেজওয়ান ওয়াশিংটন পোস্টের তেহরান ব্যুরোপ্রধান হিসেবে কাজ করতেন। ২০১৪ সালে ইরানি কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে তাকে। ইরানের কারাগারে তাকে ৫৪৪ দিন কাটাতে হয়। যুক্তরাষ্ট্রে আটক সাত ইরানির বিনিময়ে তাকে ২০১৬ সালের জানুয়ারিতে ছেড়ে দেয় তেহরান।
- বিষয় :
- সাংবাদিক
- ক্ষতিপূরণ
- যুক্তরাষ্ট্র
- ইরান
- তেহরান
