হংকংয়ের স্থানীয় পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
বুথের বাইরে ভোটরদের দীর্ঘ লাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০০:৩৯
হংকংয়ের স্থানীয় পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোট শুরুর পর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন হংকংবাসী। খবর বিবিসির।
নির্বাচনে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা।
এ নির্বাচনের মাধ্যমে বেইজিং সরকারকে একটি বার্তা দেওয়া যাবে বলে আশা করছেন তারা।
স্থানীয় পরিষদের এ নির্বাচনে চার শতাধিক কাউন্সিলর নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
গত পাঁচ মাস ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে। প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে চলমান ধারাবাহিক সংঘর্ষ নিয়ে হতাশা প্রকাশ করতে ভোটারদের তাদের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে বেইজিংপন্থি আন্দোলনকারীরা।
হংকংয়ের স্থানীয় পরিষদে বর্তমানে বেইজিংপন্থিদের সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে এবার কাউন্সিলে প্রতিনিধিত্ব বাড়ানোর আশা করছে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা।
কাউন্সিলের ৪৫২ আসনের জন্য ১ হাজার ১০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও ২৭টি আসন গ্রামীণ এলাকার প্রতিনিধিদের জন্য বরাদ্দ।
এবার ভোট দিতে নাম রেজিস্ট্রি করেছে ৪১ লাখ লোক, যা একটি রেকর্ড। হংকংয়ের জনসংখ্যা ৭৪ লাখ।
