যুক্তরাজ্যে আশ্রয় পাচ্ছে সেই 'আইএস শিশুরা'
ছবি: দ্য গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৬:৪২
সিরিয়ায় আটকা পড়া সেই ৬০ জন 'আইএস-শিশু' অবশেষে যুক্তরাজ্যে আশ্রয় পাচ্ছে।
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে লড়াই করতে যাওয়া ব্রিটিশ নাগরিকদের শিশু সন্তানরা সেখানে আটকা পড়ে। তাদের বেশিরভাগের বাবা সিরিয়ায় বিভিন্ন পক্ষের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন। তাদের শিশুরা এতিম বলে বিবেচিত হচ্ছে। যুক্তরাজ্যের কাউন্সিল ও শিশুদের আত্মীয়রা তাদের গ্রহণ করতে রাজি হয়েছে।
এখন পর্যন্ত তিন ব্রিটিশ এতিম শিশু দেশে পৌঁছেছে এবং তাদের আদালতের ওয়ার্ডে সাময়িকভাবে রাখা হয়েছে। কিন্তু তাদের শিশুকেন্দ্রে পাঠানো হবে না। কারণ আত্মীয়রা শিশুদের নিজেদের কাছে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে। খবর বিবিসির।
সিরিয়ায় সংঘাতে শরণার্থী শিবিরে আটকে পড়া ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের ব্রিটিশ সন্তানদের ফিরিয়ে আনার দাবিতে যখন সরকারের ওপর চাপ বাড়ছে তখন এই পদক্ষেপের খবর জানা গেল। শীতকাল শুরু হওয়ার আগেই তাদের ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে।
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আটকে পড়া ৬০ ব্রিটিশ শিশুর মধ্যে মাত্র কয়েকজন এতিম এবং অভিভাবকহীন। তবে বেশিরভাগ তাদের মায়ের সঙ্গে অবস্থান করছে। সরকারের নীতি হলো, সিরিয়ার শিশুদের মায়েদের কাছ থেকে বিচ্ছিন্ন না করা। এতে করে শিশুদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।
সেভ দ্য চিলড্রেনের মানবাধিকার পরামর্শক ওরলাইথ মিনোগ জানান, উত্তর-পূর্ব সিরিয়া দুটি কেন্দ্রে তাদের কর্মকর্তারা কাজ করছেন। সেবা-যত্ন দিয়ে উগ্রপন্থা থেকে ফিরিয়ে আনার মতো বিভিন্ন কর্মসূচি চলছে। তিনি বলেন, অনেক বিষয় বিবেচনায় নিয়ে বলা যায় ওই শিশুদের নিজ দেশে ফিরিয়ে আনা সম্ভব। অনেক ক্ষেত্রে তাদের গ্রহণে উদগ্রীব পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যেতে পারে। অনেক পরিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে।
মিনোগ আরও বলেন, এটি বলা নিরাপদ যে, এই প্রথম যুক্তরাজ্য এভাবে শিশুদের ফেরত আনছে না। যে শিশুরা অবর্ণনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে যাদের পরিবারের সঙ্গে থাকা প্রয়োজন তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি ক্ষেত্রে কীভাবে শিশুদের ফিরিয়ে আনা যায় তা বিবেচনা করা হচ্ছে। তবে সাধারণভাবে আইএসের কথিত খিলাফতের অধীনে জন্ম নেওয়া ও বাসকারী ব্রিটিশ শিশুদের ফিরিয়ে আনার বিষয়ে খুব বেশি আগ্রহী নয় তারা।
- বিষয় :
- যুক্তরাজ্য
- সিরিয়া
- আইএস শিশু
