বিগ্রেড সমাবেশের ডাক ওয়াইসির
আসাউদ্দিন ওয়াইসি- ফাইল ছবি
রক্তিম দাশ, কলকাতা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৮:২৬
নিখিল ভারত মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও সাংসদ আসাউদ্দিন ওয়াইসি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ এবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে।
তৃণমূলের কপালে ভাঁজ ফেলে বাংলায় শাসকদলের মুসলিম ভোট ব্যাংকে ধ্বস নামাতে এবার কলকাতায় বিগ্রেড সমাবেশের ডাক দিয়েছেন ওয়াইসি। শুধু তাই নয়, একুশের বিধানসভায় রাজ্যের ২৯৪ আসনে লড়াই করবে এআইএমআইএম। মুসলিম ভোটের ভাগাভাগির যে সম্ভবনা তৈরি হয়েছে তাতে স্বস্তি এসেছে বিজেপিতে।
সম্প্রতি কোচবিহারে তৃণমূলের কর্মীসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াইসির নাম উল্লেখ না করে বলেন, ‘রাজনীতির মধ্যে হিন্দু চরমপন্থার মতই সংখ্যালঘুদের মধ্যেও চরমপন্থা প্রকাশ পাচ্ছে। বিজেপির কাছে ওরা টাকা নেয়। তাদের গোষ্ঠীর নেতারা উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় মিটিং করেছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। এদের কথায় কান দেবেন না।’ হায়দরাবাদের একটি দল এই ধরনের কাজ করে থাকে বলে জানান তিনি।
এরপরেই মুখ্যমন্ত্রীর কথা বেজায় চটে গিয়ে পাল্টা টুইট করেন আসাউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘এআইএমআইএম বাংলায় শক্তিশালী হচ্ছে। আমাকে নিশানা করে বাংলার মুসলমানদের আপনি এই বার্তা দিলেন। এই ধরনের মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ও হতাশাই ফুটে উঠেছে।’
এদিকে, এআইএমআইএম বাংলায় দায়িত্বপ্রাপ্ত সৈয়দ জামিরুল হাসান সোমবার একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা বিগ্রেড সমাবেশ করব। এই সমাবেশে উপস্থিত থাকবেন আমাদের দলের প্রধান ও সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। মমতা সরকার যদি আমাদের সমাবেশ করতে প্রশাসনিক ভাবে বাধা দেয় তবে আমরা আদালতে যাব।’
বাংলায় মুসলিমদের উন্নয়ন হয়নি দাবি করে জামিরুল হাসান বলেন, ‘মুসলিমদের সভায় দাঁড়িয়ে ইনশাল্লাহ বললে আর বছরে একবার ইফতার পার্টি দিলে সংখ্যালঘুদের উন্নয়ন হয় না। মুসলিম ভোট নিয়ে রাজ্যে খেলা চলছে। দেশে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া জেলার তালিকায় পাঁচটি বাংলায়। যেগুলো মুসলিম অধ্যুষিত।’
একুশের বিধানসভার দিকে লক্ষ্য রেখেই এআইএমআইএম এগোচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাজ্যের ৩৪১ ব্লকের মধ্যে ২০০টিতে ইতিমধ্যেই সংগঠন তৈরি করেছি। এই ব্লকগুলির মধ্যে থাকা প্রতি বুথে আমাদের ৪০ থেকে ৫০ জন আছে। আমরা সরকার গঠনের জন্য লড়াই করব এবার। আমাদের টার্গেট মুসলিম আর দলিত ভোট। আমরা চাই বাংলায় দলিত মুখ্যমন্ত্রী হোক।’
ওয়াইসির দল বাংলায় লড়াই করলে তৃণমূলের ক্ষতি হবে বলেই মনে করেন বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। তিনি বলেন, ‘এর ফলে বাংলায় মেরুকরণে রাজনীতি প্রকট হবে। কট্টর মুসলিম ভোট ওয়াইসির দিকে চলে যাবে। মমতা এটা বুঝতে পারছেন বলেই ওর বিরুদ্ধে বলছেন। বাম-কংগ্রেসের মুসলিম ভোটও চলে যাবে ওই দিকে। ফলত মুসলিম ভোট ভাগ হলে বিজেপির সুবিধাই হবে।’