নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০২:৫৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:০২
সংশোধিত নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলো হয়েছে, সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে তাদের বক্তব্য জানাতে বলেছেন ভারতের সুপ্রিম কোর্ট।
তবে বুধবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ নতুন আইনের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি।
ওই আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে করা মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ জানুয়ারি। ওইদিনই শীর্ষ আদালতে কেন্দ্রকে তাদের বক্তব্য জানাতে হবে।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে প্রায় ৬০টি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। বিতর্কিত এই আইনটির বিরোধিতা করে আরো অনেকের মতো দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এবং অসমে ক্ষমতাসীন বিজেপির সহযোগী দল আসাম গণ পরিষদ এবং ডিএমকে।
ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আবেদন গ্রহণ করে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিআর গাভাই এবং সূর্য কান্ত।
আদালতে আবেদনকারীরা যুক্তি দেখিয়েছেন, ধর্মের ভিত্তিকে কখনোই নাগরিকত্ব প্রদান করা যায় না।
তারা আরও বলেন, নতুন আইনটির মাধ্যমে ধর্মের ভিত্তিতে বিবেচনা করে অবৈধ অভিবাসীদের দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। এই আইন নাগরিকদের জীবন ও মৌলিক অধিকার তথা সাম্যের অধিকার লঙ্ঘন করে।
কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, এই আইনটি ‘সংবিধানের মূল কাঠামোকে আঘাত করে’।
নতুন নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যেসব অমুসলিম মানুষরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তারা এবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
গত বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই আইনে স্বাক্ষর করার পরেই ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।
- বিষয় :
- ভারত
- নাগরিকত্ব আইন
- সুপ্রিম কোর্ট
