ভাঙা প্রেম জোড়া লাগাতে গিয়ে প্রেমিকার হাতে খুন
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ১০:০০
ভেঙে যাওয়া পুরনো প্রেমের সম্পর্ক আবার জোড়া লাগাতে গিয়ে অভিনেত্রী প্রেমিকার হাতুড়িপেটায় খুন হয়েছেন এক ব্যক্তি।
সোমবার সকালে ভারতের চেন্নাইয়ের কোলাতুরে এ ঘটনা ঘটে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।
নিহত এম রবি (৩৮) তামিল ফিল্ম টেকনিশিয়ান। সাবেক প্রেমিককে হত্যার পর তামিল অভিনেত্রী এস দেবি (৪২) থানায় গিয়ে আত্মসমর্পণও করেছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, আট বছর আগে মাদুরাইয়ের বাসিন্দা রবি কাজের জন্য চেন্নাই আসেন। সেখানেই তামিল সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করা এস দেবীর সঙ্গে আলাপ হয় তার। আলাপ ক্রমশ গড়ায় পরিণয়ে। যদিও এই সম্পর্ক বিয়েতে পরিণতি পায়নি। কয়েক বছর পরে এস দেবীরও বিয়ে হয়ে যায় চেন্নাইয়ের বাসিন্দা এক ব্যবসায়ী শঙ্করের সঙ্গে।
বছর দুয়েক আগে শঙ্কর, স্ত্রীর পুরনো সম্পর্কের ব্যাপারে জানতে পারেন। তিনি দেবীকে সাবধান করেন কোনওভাবেই যেন পুরনো প্রেমিকের সঙ্গে তিনি যোগাযোগ না করেন। এমন হলে ফল ভাল হবে না বলেও হুমকি দেন শঙ্কর।
সোমবার হঠাৎই পুরনো প্রেমিকার খোঁজে দেবীর কোলাতুরের বাড়িতে এসে হাজির হন রবি। পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন অভিনেত্রীকে। তখনই রবির ওপর চড়াও হন দেবী। হাতের কাছে হাতুরি, কাঠ যা ছিল তাই দিয়েই ক্রমাগত মারতে থাকেন তাকে। অত্যাধিক রক্তপাতের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
রবি মারা গেলে নিকটবর্তী রাজামঙ্গলম থানায় নিজের অপরাধের কথা জানান দেবী। রাজামঙ্গলম থানার পুলিশ তৎক্ষণাৎ গ্রেফতার করে দেবীকে।
পুলিশ বলছে, রবির খুনের ঘটনায় দেবী ছাড়া তার স্বামী শঙ্কর, বোন লক্ষ্মী এবং বোনের বর সাওয়ারিয়ারও জড়িত থাকতে পারেন।
- বিষয় :
- ভারত
- প্রেমিক খুন
