ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কালো মানুষের সাহিত্যমালা

কালো মানুষের সাহিত্যমালা
×

শুভ্র মিসির

প্রকাশ: ১১ জুন ২০২০ | ১২:০০

মহামারি করোনাভাইরাসের প্রকোপে যখন বিশ্বজুড়ে শুধুই মৃত্যুর খবর, এমন সময় আমেরিকার মিনিয়াপোলিসে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড নামের এক আফ্রো-আমেরিকানের মৃত্যুও আমাদের ব্যথিত করে। যার ফলে বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ-আমেরিকার প্রায় সব দেশ।
দুঃখের কথা হচ্ছে, 'কালো মানুষ' বা 'ব্ল্যাক পিপল' সাদা চামড়ার মানুষদের দ্বারা যুগে যুগে নির্যাতন ও বঞ্চনার শিকারই হয়েছে। কিন্তু এই কালো মানুষগুলো যুগে যুগে তাদের প্রতিভা ও যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছেন। সাহিত্যেও এর ব্যতিক্রম দেখা যায়নি।
১৯০৮ সালে জন্ম নেওয়া রিচার্ড রাইটের কথাই যদি বলি- একাধারে কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক এই মানুষটি ব্ল্যাক রাইটার'স লিস্টের প্রথম কয়েকজনের মধ্যে অন্যতম। চারটি ছোটগল্পের সমন্বয়ে ১৯৩৮ সালে প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ 'আঙ্কেল টম'স চিলড্রেন'। দুই বছর পর প্রকাশিত তার উপন্যাস 'নেটিভ সন' বেস্ট সেলারের মর্যাদা লাভ করে। আর ১৯৪৫ সালে তার আত্মজীবনী 'ব্ল্যাক বয়' তাকে অমর করে রেখেছে। 'দ্য লং ড্রিম', 'ব্ল্যাক পাওয়ার', 'হোয়াইটম্যান' রিচার্ড রাইটের সাহিত্যকৃতির কয়েকটি উদাহরণ। এ প্রসঙ্গে ফিলাস হুইটলির কথা না বললেই নয়। ১৭৫৩ সালে জন্ম নেওয়া কালো চামড়ার মানুষদের মধ্যে সর্বপ্রথম বই প্রকাশিত হয়েছিল ফিলাস হুইটলির। প্রথম আফ্রো-আমেরিকান কবি হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। প্রথম জীবনদাস হিসেবে কাটান হুইটলি। ১৭৭৩ সালে প্রথম আফ্রো-আমেরিকান নারী হিসেবে ইংল্যান্ড থেকে তার কবিতার বই প্রকাশিত হয়। 'পোয়েমস অন ভেরিয়াস সাবজেক্টস, রিলিজিয়াস অ্যান্ড মোরাল' শীর্ষক কাব্যগ্রন্থটি সে সময় বেশ আলোড়ন তোলে। জুপিটার হ্যামনের জন্ম ১৭১১ সালে। তিনি প্রথম কালো মানুষ, আমেরিকায় যার বই সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। আমেরিকার গৃহযুদ্ধের পর যখন দাসপ্রথা বিভিন্ন অঞ্চলে লোপ করা হচ্ছিল, ১৭৮৬ সালে প্রতিষ্ঠিত আফ্রিকান সোসাইটির প্রথম সভায় জুপিটার হ্যামন তখন অন্য দাসদের উদ্দেশে একটি বক্তৃতা দেন। সেই বক্তৃতা ও তার রচিত কবিতা নিয়ে পরবর্তী বছর প্রকাশিত হয় 'অ্যাড্রেস টু দ্য নিগ্রোস অব দ্য স্টেট অব নিউইয়র্ক'।
কালো মানুষদের মধ্যে প্রথম সেলিব্রেটি ল্যাংস্টন হিউজ ছিলেন কবি, সমাজকর্মী, নাট্যকার, ঔপন্যাসিক ও কলামিস্ট। ১৯২৬ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই 'দ্য ওয়েরি ব্লু'। ১৯২৯ সালে প্রকাশিত প্রথম উপন্যাস 'নট উইদাউট লাফটার' তাকে সাহিত্যখ্যাতি এনে দেয়। তার গল্পগ্রন্থ 'দ্য ওয়েস অব হোয়াইট ফোকস'। ১৯৪০ সালে প্রকাশিত হয় তার আত্মজীবনী 'দ্য বিগ সি'।
আমেরিকান সমাজে কালো মানুষদের অধিকার রক্ষার আন্দোলনের নেতৃত্বদানকারী মহান নেতা মার্টিন লুথার কিং। সামাজিক সমতার জন্য তার নেতৃত্বে 'মার্চ অন ওয়াশিংটন ফর জব অ্যান্ড ফ্রিডম' সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে তিনি 'আই হ্যাভ অ্যা ড্রিম' শিরোনামের বক্তৃতা ইতিহাসের অংশ হয়ে আছে। শান্তিতে নোবেল পুরস্কারও লাভ করেন এই শান্তির দূত। লুথার কিং রচিত গ্রন্থাবলি অধিকার আদায়ের ইশতেহার হিসেবে সমাদৃত। 'স্ট্রাইড টুওয়ার্ড ফ্রিডম :দ্য মন্টোগোমারি স্টোরি', 'দ্য মেজার অব অ্যা ম্যান', 'স্ট্রেংথ অব লাভ', 'দ্য ট্রাম্পেট অব কনশায়েন্স' তার উল্লেখযোগ্য রচনা।
লেখক, শিক্ষাবিদ এবং সাহিত্য সমালোচক রালফ এলিসন। এই আফ্রো-আমেরিকান সাহিত্যিক বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন তার প্রথম উপন্যাস 'ইনভিজিবল ম্যান'-এর জন্য। বিংশ শতাব্দীর সেরা একশ' ইংরেজি উপন্যাসের মধ্যে উনিশতম অবস্থানে আছে উপন্যাসটি।
বিংশ শতাব্দীর আফ্রো-আমেরিকান সাহিত্যের গুরুত্বপূর্ণ চরিত্র জোরা নিয়েল হার্সটন, ফোকলোরবিদ হিসেবেও তিনি খ্যাতিমান। ক্যারিবীয় অঞ্চল, লাতিন আমেরিকা এবং আমেরিকার দক্ষিণ অংশের ফোকলোর নিয়ে বিশদ গবেষণার ফল প্রকাশ করেন 'মিউলস অ্যান্ড ম্যান' গ্রন্থে। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত উপন্যাস 'দেয়ার আইজ ওয়্যার ওয়াচিং গড'। নাট্যকার হিসেবেও তার খ্যাতি ছিল। 'দ্য গ্রেট ডে' এবং 'ফ্রম সান টু সান' তার উল্লেখযোগ্য দুটি নাটক। নোবেল এবং পুলিৎজার বিজয়ী লেখক, সম্পাদক ও শিক্ষাবিদ টনি মরিসন। যাকে বলা হতো 'ভয়েস অব আফ্রিকান-আমেরিকান ওমেন'। 'দ্য ব্লুয়েস্ট আই' তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় ১৯৭০ সালে। ১৯৮৭ সালে প্রকাশিত 'বিলাভেড' উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেন। তার অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে 'টার বেবি', 'জ্যাজ', 'প্যারাডাইস', 'লাভ', 'হোম' ইত্যাদি। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৩ সালে প্রথম আফ্রো-আমেরিকান নারী হিসেবে টনি মরিসন নোবেল পুরস্কার লাভ করেন।
বিশ্বসাহিত্য এবং সমাজে কালো মানুষদের প্রভাব ও অবদানের শেষ নেই। অ্যালেক্স হেইলি, মায়া অ্যাঞ্জেলো আমিরি বারাকা, ক্লাউডি ম্যাককি, কাউন্টি কুলেন, অক্টাভিয়া ই. বাটলার, লরেন হ্যান্সবেরি, জেমস ওয়েলডন জনসন, রবার্ট হেইডেন, ওয়ালেস হেনরি থ্রুম্যান, ডরোথি ওয়েস্ট, নিকি জিওভানি, অ্যালিস ওয়াকারসহ আরও অজস্র কালো সাহিত্যিকের তালিকা করলে তা দীর্ঘ থেকে দীর্ঘতরই হবে। া

আরও পড়ুন

×