যশোর
পথচারী নারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়লো পরিবহন
যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। ছবি: সমকাল
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৪ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৫
যশোরের কেশবপুরে এক পথচারী নারীকে চাপা দিয়ে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঢুকে পড়লো একটি পরিবহন। আজ শুক্রবার সকালে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে পরিবহনে চাপা পড়ে ঘটনাস্থলেই রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত রোকেয়া বেগম মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।
এলাকাবাসী জানায়, আজ শুক্রবার সকাল ৬টার দিকে যশোরগামী একটি যাত্রীবিহীন পরিবহন উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে পৌঁছালে পরিবহনটি রাস্তার বাম পাশে থাকা পথচারী মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় পরিবহনটি রাস্তার ডানপাশের মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবনের সামনের অংশ ভেঙে ঢুকে পড়ে। এতে পরিবহনের হেলপার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সোদ্দিগ্রামের মানিক ফকির (৪২) ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সড়ক দুর্ঘটনার পরপরই পরিবহনের অজ্ঞাতনামা ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ গোলাম মোস্তফা বলেন, ফজরের নামাজের পর ওই নারী হাঁটতে বের হলে পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মারা গেছেন। পরিবহনটি আমাদের প্রতিষ্ঠানের সামনের অংশে ভেঙে ঢুকে পড়ায় বেশ ক্ষতি হয়েছে। এ সময় আমরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১০ থেকে ১২ ছিলাম। তবে আমাদের কোনো সমস্যা হয়নি।
- বিষয় :
- যশোর