জলবায়ু পরিবর্তন ঠেকাতে উদ্ভাবন
মরূকরণ ঠেকাতে আফ্রিকায় ‘গ্রেট গ্রিন ওয়াল’ নামে এই উদ্যোগ নেওয়া হয়
টিএইচ মাহির
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০০:৪৮ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ | ১৬:১৮
জলবায়ু পরিবর্তনের প্রভাব সারাবিশ্বে স্পষ্ট। তবুও মানুষ চেষ্টা করে যাচ্ছে পৃথিবীকে বাসযোগ্য করতে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে সারাবিশ্বে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প চলছে। তেমনি কিছু প্রকল্প এখানে তুলে ধরা হলো, যা সব দেশে অনুকরণীয় হতে পারে।
সবুজ দেয়াল
আফ্রিকা মহাদেশের সবুজের হাহাকার এবং উত্তপ্ত মরুর কথা আমরা জানি। যেখানে সজীবতার বড়ই অভাব। জলবায়ু পরিবর্তনের ফলে সাহারা মরুভূমির মরূকরণ আরও বাড়ছে। এই মরূকরণ ঠেকাতে ‘গ্রেট গ্রিন ওয়াল’ নামে এক উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে মরুভূমিতে বিশাল উদ্ভিদের সবুজ দেয়াল তৈরি করা হবে। গ্রেট গ্রিন ওয়াল হলো আফ্রিকান নেতৃত্বাধীন উদ্যোগ, যা মরু অঞ্চলজুড়ে মরূকরণ এবং ভূমি অবক্ষয় মোকাবিলা করার লক্ষ্যে কাজ করে। এটি পশ্চিমে সেনেগাল থেকে পূর্বে জিবুতি পর্যন্ত বিস্তৃত। ২০০৭ সালে আফ্রিকান ইউনিয়ন কর্তৃক চালু করা এ প্রকল্পের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন হেক্টর অবক্ষয়িত জমি পুনরুদ্ধার করা। ২৫০ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গত করা এবং ১ কোটি সবুজ কর্মসংস্থান তৈরি করা। এর দৈর্ঘ্য প্রায় ৮ হাজার কিলোমিটার। ২০টি দেশে বিস্তৃত এ কার্যক্রম ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৩ কোটি হেক্টর জমি পুনরুদ্ধার করেছে, যা তার লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ অর্জন করেছে। এর লক্ষ্য কয়েক বিলিয়ন গাছ লাগানো এবং আফ্রিকা থেকে শুষ্কতা দূর করা। জলবায়ু পরিবর্তন রোধে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে বিশ্বে। অন্যান্য জলবায়ু পরিবর্তনের সংকটে ভোগা দেশের জন্য এটি অনুকরণীয় হতে পারে।
বৃক্ষ সুনামি
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশাল উদ্যোগ নিয়েছে। দেশটি বৃক্ষ সুনামি বা ট্রি সুনামি নামে একটি উদ্যোগ নিয়েছে। পাকিস্তানের ১০ বিলিয়ন ট্রি সুনামি প্রকল্প ২০১৮ সালে শুরু হওয়া একটি উচ্চাভিলাষী বনায়ন উদ্যোগ, যার লক্ষ্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অবনমিত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং দেশজুড়ে জীববৈচিত্র্য উন্নত করা। খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিলিয়ন ট্রি সুনামি ৩ লাখ ৫০ হাজার হেক্টর বন এবং ক্ষয়প্রাপ্ত জমি পুনরুদ্ধার করেছিল। তাই দেশটি সারাদেশে ১০ বিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা করেছে। ৭০০ মিলিয়ন ডলারের এ প্রকল্পের লক্ষ্য পাকিস্তানের প্রাকৃতিক অবক্ষয়, যা ১৯৯০ থেকে ২০১৪ সালের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ৮৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান তৈরি করা।
জীবন্ত উপকূলরেখা
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঁচতেই এ উদ্যোগ। যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলীয় অঞ্চলে ঝড়ের ক্ষতি থেকে বাঁচতে জীবন্ত উপকূলরেখা তৈরি করা হয়েছে। জীবন্ত উপকূলরেখা হলো প্রকৃতিভিত্তিক সমাধান, যা উপকূলীয় অঞ্চলগুলোকে ক্ষয় এবং ঝড়ের ক্ষতি থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে; যা একই সঙ্গে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং উন্নত করে। সমুদ্রের প্রাচীরের মতো ঐতিহ্যবাহী শক্ত কাঠামোর বিপরীতে জীবন্ত উপকূলরেখাগুলো উপকূলরেখাকে স্থিতিশীল করার জন্য গাছপালা, বালু এবং পাথরের মতো প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে; যা প্রাকৃতিক উপকূলীয় প্রক্রিয়াগুলোকে অব্যাহত রাখতে সাহায্য করে। জীবন্ত উপকূলরেখায় গাছপালা, ঝিনুকের প্রাচীর এবং জৈব-অবিচ্ছিন্ন পদার্থের মতো উপাদান রয়েছে; যা একটি স্থিতিশীল এবং স্থিতিস্থাপক উপকূলীয় প্রান্ত তৈরি করে। এ ধরনের উদ্যোগ শুধু উপকূলকে ঝড় থেকে রক্ষা করে না বরং সেখানকার বাস্তুতন্ত্রকেও ভালো রাখে। এ প্রাকৃতিক উপকূল সমুদ্রের বিশাল তরঙ্গ স্তিমিত করে দেয়। যার ফলে ক্ষয়ক্ষতি কমে আসে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউইয়র্কসহ বিভিন্ন সমুদ্র উপকূলীয় অঞ্চলে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
- বিষয় :
- জলবায়ু পরিবর্তন
