ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলায় ২১ জনের বিচার শুরু

পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলায় ২১ জনের বিচার শুরু
×

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৮:৫৮ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১৮:৫৮

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা মামলায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। 

আজ রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করেন। এর ফলে তাদের বিরুদ্ধে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তারা হলেন- মাহমুদ হাসান মাহিন, তারেক রহমান রবিন, টিটন গাজী, মো. আলমগীর, মনির ওরফে লম্বা মনির, সজীব ব্যাপারী, নান্নু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু, জহিরুল ইসলাম, সাগর, রুমান ব্যাপারী, আবির হোসেন, মো. পারভেজ, জহিরুল ওরফে জলিল, মো. ইমরান, শারাফাত ওরফে শফিউল ইসলাম, জিয়াউদ্দিন রাজিব, হোসেন চৌকিদার, সারোয়ার হোসেন টিটু, মঙ্গল মিয়া ওরফে মনির হোসেন ও অপু দাস।

আসামিদের মধ্যে প্রথম ১০ জন কারাগারে এবং শেষের আটজন পলাতক রয়েছেন। আসামি মো. রুমান ব্যাপারী, মো. আবির হোসেন ও মো. পারভেজ জামিনে আছেন। অভিযোগ গঠন শুনানির সময় কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। 

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পরদিন নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম ১৯ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। 

নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে ব্যবসা করে আসছিলেন। ভাঙারি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তে পাওয়া যায়।

আরও পড়ুন

×