ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বন্যায় মানুষ মারা যাচ্ছে, আর প্রধানমন্ত্রী গেলেন বরিশালে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বন্যায় মানুষ মারা যাচ্ছে, আর প্রধানমন্ত্রী গেলেন বরিশালে: নাসীরুদ্দীন পাটওয়ারী
×

নাসীরুদ্দীন পাটওয়ারী

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২১:২১

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে- প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে। এর আগের দিন তিনি ঢাকা মেডিকেলে গেলেন, সেলফি তুললেন। আপনাকে আমরা ভোট দিয়েছি, প্রধানমন্ত্রী হয়েছেন দেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুণ্ডা সন্ত্রাসীদেরকে শায়েস্তা করার জন্য, বন্যা দুর্গত এলাকায় যাওয়ার জন্য।’

আজ সোমবার সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাক বাংলো মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনাদের সন্তানরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, তারা সাঁতার কেটে গিয়ে পরীক্ষা দিচ্ছে। এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, তিনি খুব সজ্জন ব্যক্তি। দেশের সব মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সে সবচেয়ে ভালো লোক। আপনি যদি ভালো লোক হন, আপনার সন্তান সাঁতার কেটে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে এবং তার সঙ্গে মা-বাবা হাঁটু পানিতে গর্তের মধ্যে পড়ছে কেন। আপনার লজ্জা শরম নাই? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করত বা পরে নিতো তাহলে কী কোনো সমস্যা হতো। যিনি শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি এসি রুমে বসে না থেকে যদি গিয়ে বলতেন যে, আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি বা এমন পরিস্থিতি করে দিচ্ছি বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের শিক্ষার্থীরা সুন্দর একটা ব্যবস্থা পেত।’

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য, শিক্ষাব্যবস্থা যদি ঠিক করতে হয় তাহলে উশৃঙ্খল যুবকদের থেকে দেশকে মুক্তি দিতে হবে। যারা সমাজের সবচেয়ে সজ্জন, তরুণ লোক তাদের কাছে দেশকে তুলে দিতে হবে।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ অন্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×