ডেমরায় মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৯ শিক্ষার্থী
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২৩:১৮
ঢাকার ডেমরার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনায় ৯ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার বিকেল ৩টার দিকে ডেমরার বক্সনগরের দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রেদোয়ান (১৬), মোদাব্বির (১৫), সাফি (১৫), হুজাইফা (১৬), রোমান (১৫), শফিউল্লাহ (১৩), মুনতাসির রহমান (১২), আদিবুল ইসলাম (১২) ও আব্দুল্লাহ নাসির (১৪)।
মাদ্রাসাটির শিক্ষক আশিকুর রহমান আকাশ রাতে সমকালকে বলেন, আটতলা ভবনটির পুরোটাই মাদ্রাসা। যারা আহত হয়েছেন তারা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা থাকে ৬ষ্ঠ তলায় থাকেন। বিকেলে ৬ষ্ঠ তলায় তারা যখন ঘুমিয়েছিলেন তখন দেওয়ালে থাকা বৈদ্যুতিক সুইচের বক্সে একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে দেওয়ালের কয়েকটি ইট খসে পড়ে। সেগুলোর আঘাতেই আহত হয় শিক্ষার্থীরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা ছেড়ে দেন। কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা ছেড়ে দেন। তবে আহত রেদোয়ান চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় আঘাত রয়েছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান রাতে সমকালকে জানান, বিকেলে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে দগ্ধ অবস্থায় চার শিশুকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে শিশু শফিউল্লাহ শরীরের ১ শতাংশ, মুনতাসির রহমানের শরীরের ১০ শতাংশ, আদিবুল ইসলামের শরীরের ৮ শতাংশ এবং আব্দুল্লাহ নাসিরের শরীরের ৯ শতাংশ দগ্ধ হয়েছে। মুনতাসির ভর্তি রয়েছে। শফিউল্লাহকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। তাদের কারোর অবস্থায়ই গুরুতর নয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান বলেন, বিকেল ৩টার দিকে আবাসিক ওই মাদ্রাসার ষষ্ঠ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।