ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নিয়ে রিট

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নিয়ে রিট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৯:০২

সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদের বিরোধীদলীয় জামায়াতের ১১ জন সদস্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। 

বাদীপক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুব শিগ্‌গিরই হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি হবে। 

রিট আবেদনে মন্ত্রীপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। বিশেষ দায়িত্ব দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর কার্যক্রম স্থগিতের আবেদন করা হয়েছে। 

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ১৯৯৯ ও ২০০১ সালে একই রকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই দায়িত্ব বণ্টনের বৈধতা চ্যালেঞ্জ করে তৎকালীন সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু রিট মামলাটি করেছিলেন। সেসময় হাইকোর্ট মন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের নির্দিষ্ট জেলার দায়িত্ব দেওয়ার অনুরূপ প্রজ্ঞাপনকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, রুলস অব বিজনেস, সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি। রিট আবেদনকারী ১১ সংসদ সদস্য হলেন-ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, মো. গোলাম রব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মুহম্মদ আজিজুর রহমান, শেখ মনজুরুল হক রাহাদ, মো. শফিকুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম রাশেদ, সালাহ উদ্দিন ও মোহাম্মদ জহিরুল ইসলাম।

রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাঠামো ও ক্ষমতার কথা বলা হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা হুইপদের জেলা পর্যায়ের সরকারি কার্যক্রমে দায়িত্ব দেওয়ার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ওপর কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত তদারকি কাঠামো তৈরি হয়েছে। এতে জাতীয় প্রশাসন ও স্থানীয় স্বশাসনের মধ্যে সংবিধানে করা পার্থক্য ক্ষুণ্ন হয়েছে।  

গত ২৭ আগস্ট সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে, দেশের ৬৪ জেলার দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপের মধ্যে ভাগ করে দেয়।  

জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। লুট করা অর্থের একাংশ বিদেশে পাচার এবং অন্য অংশ মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে। এ অবস্থায় জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নয়ন কার্যক্রম দেখভালের নিশ্চিত করতে সমন্বয় ও তদারকির জন্য এ দায়িত্ব দেওয়া হল।

আরও পড়ুন

×