ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিয়োগ বদলিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইল দুদক

নিয়োগ বদলিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইল দুদক
×

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের সংশ্লিষ্ট সব নথিপত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক।

অভিযোগ ওঠা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার পাঠানো চিঠিতে ১০ সেপ্টেম্বরের মধ্যে চাওয়া নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে নিয়োগ, বদলি ও পদায়নের সঙ্গে সংশ্লিষ্ট নথি এবং চারজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সরবরাহ করতে চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে সাবেক উপদেষ্টা আসিফের দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদায়ন ও কেনাকাটাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র চাওয়া হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার নিয়োগ ও পদায়নসংক্রান্ত তথ্যও দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের জারি করা বিভিন্ন স্মারক ও আদেশের নথিপত্রও চেয়েছে দুদক। এর মধ্যে ২০২৫ সালের ৭ মে এবং ২০২৬ সালের ১৮ এপ্রিলে জারি করা দুটি স্মারক রয়েছে।

বুধবার কমিশন চার সদস্যের অনুসন্ধান টিম গঠন করে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে একটি টিমকে এ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

দুদক জানায়, সাবেক উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, পদস্থ দুই কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে গত অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্যের অভিযোগ সম্প্রতি জমা পড়ে দুদকে। দুদকের যাচাই-বাছাই কমিটি অভিযোগটি যাচাই করে। পরে অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে পেশ করে। কমিশন এটি পরীক্ষা-নিরীক্ষা করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানের জন্য দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালামকে প্রধান করে চার সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে।

দুদক আইন অনুযায়ী, এই টিম অনুসন্ধান সম্পন্ন করার জন্য ৪৫ দিন সময় পাবে। এই সময়ের মধ্যে অনুসন্ধান শেষ না হলে টিমের পক্ষ থেকে কমিশনে আবেদন করে আরও ৩০ দিন সময় বাড়িয়ে নিতে পারবে। অর্থাৎ মোট ৭৫ দিনের মধ্যে অনুসন্ধান শেষ করার বিধান রয়েছে।

আরও পড়ুন

×