দণ্ডপ্রাপ্ত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ১৪:০৬
দণ্ডিত ও পলাতক হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, তাই তাকে পাসপোর্ট দেওয়ার কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে অন্যান্য কার্যক্রম গৃহীত হয়েছে। তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
তিনি বলেন, পাসপোর্ট আইন অনুযায়ী দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করতে পারবে না বাংলাদেশ সরকার।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং সাজা কমপক্ষে দুই বছর হলে তাঁকে পাসপোর্ট ইস্যু করতে পারে না পাসপোর্ট কর্তৃপক্ষ। একইভাবে ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি। তার মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। এ কারণে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট আইনের ৬ ধারার ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ই’ উপধারা সম্মিলিতভাবে বিবেচনা করলে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার কোনো এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।
তিনি আরও বলেন, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা বলা হয়েছে। তবে এই অধিকার কোনো দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিজের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলাকালে তা এড়িয়ে গেছেন শেখ হাসিনা।
পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ‘ই’ উপধারা অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তাকে পাসপোর্ট দেওয়া যাবে না। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বারের ভারতীয় দূতাবাসে পাসপোর্টের আবেদন করার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, পাসপোর্টের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। শেখ হাসিনা নিজে বা তার দলের পক্ষ থেকে আবেদন করা হয়নি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার। ভারতে বসবাসরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী চেম্বার কীভাবে আবেদন করছে, সে বিষয়ে তাদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি হয়েছে, এর কপি প্রকাশ করা হয়নি। মক্কেলের সঙ্গে চুক্তি না থাকলে ওই চেম্বার কীভাবে তার পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে, তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
আমিনুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকারের প্রণীত আইন। এই আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। তাই একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের বা সরকারের পক্ষ থেকে যদি পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হয়, তাহলে বিচারের সঙ্গে তা রাষ্ট্রের একধরনের ‘মকারি’ হবে।
বিস্তারিত আসছে.......