ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার আপিলের ক্ষেত্রে আবুল কালাম আযাদের মামলা উদাহরণ হতে পারে: অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনার আপিলের ক্ষেত্রে আবুল কালাম আযাদের মামলা উদাহরণ হতে পারে: অ্যাটর্নি জেনারেল
×
×

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ২২:০৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ | ২২:৩০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর আপিল করলে বিলম্ব মওকুফের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে বিচারাধীন মাওলানা আবুল কালাম আযাদের মামলাটি উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নিয়ে আলোচনার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, এখন পর্যন্ত গণমাধ্যমে কেউ মাওলানা আবুল কালাম আযাদের মামলার উদাহরণটি আনেননি। আপিল বিভাগে মামলাটির দীর্ঘদিন শুনানি হয়েছে। বর্তমানে কেউ কেউ যে আইনি যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষ থেকেও ওই মামলায় একই ধরনের যুক্তি উপস্থাপন করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট এখনো তা আমলে নেননি।

শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার কাজল বলেন, ‘আমি তো মনে করি, যারা ইতোপূর্বে আইনি ব্যাখ্যা দিয়েছেন, কেউ তো অপব্যাখ্যা করেছেন বলে আমার মনে হয়নি। সবাই আইনের কথা বলেছেন এবং সবাই একসুরে কথা বলেছেন।’

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে কী আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে বাংলাদেশে নেই। বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হলে তাকে আইন মেনেই আসতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন খুবই স্পষ্ট।’

তিনি আরও বলেন, ‘আপিল দায়েরের নির্ধারিত সময়ের পরে গিয়ে সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে তার কী ফল এবং কী পরিণতি হতে পারে, মাওলানা আবুল কালাম আযাদের মামলাটি একটা উদাহরণ হতে পারে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরও বক্তব্য দিয়েছেন। সংবাদমাধ্যমে তিনি ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও দেখেছেন। এটি আইন ও আন্তঃরাষ্ট্রীয় বিষয়। সরকারের পক্ষ থেকে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। এ নিয়ে কোনো ধূম্রজাল, অপব্যাখ্যা কিংবা ভিন্নরকম ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই।

যারা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন, তারা আইনগতভাবে পারস্পরিক বৈদেশিক সম্পর্ক ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে কথা বলেছেন এবং সঠিক কথাই বলেছেন বলে মন্তব্য করেন তিনি। দায়িত্বশীল ব্যক্তিরা আইনটি পড়ে, জেনে-বুঝেই তাঁদের মতামত দিয়েছেন উল্লেখ করে ব্যারিস্টার কাজল বলেন, ‘তাদের এই মতামত কিংবা আইনের বিষয়সম্পর্কিত বক্তব্যের বাইরে আমার কোনো ব্যাখ্যা নেই।’

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী, ট্রাইব্যুনালের দোষী সাব্যস্ত, দণ্ড বা খালাসের আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করা হলে সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২১ জানুয়ারি পলাতক মাওলানা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল প্রথম রায়। ওই রায়ে মুক্তিযুদ্ধ চলাকালে ফরিদপুরের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটসহ আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবুল কালাম আযাদ দেশে ফিরে আসেন। এরপর সাজা স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ অক্টোবর তাঁর দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে আদালতে আত্মসমর্পণ করে তাঁকে আপিল করতে হবে, এমন শর্ত দেওয়া হয়।

সে অনুযায়ী, চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি) করেন তিনি। আবেদনে চার হাজার ৯১৫ দিনের বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া সাজা স্থগিতের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি হলেও তাঁর আপিলের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিষয়ে এখনো আদেশ দেননি আপিল বিভাগ।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে আবেদন করেছেন তিনি। গত সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই খবর প্রকাশের পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার সুযোগ নিয়ে আলোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের মামলার প্রসঙ্গ টানলেন অ্যাটর্নি জেনারেল।

আরও পড়ুন

×