ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি পদে নিয়োগে বাধা কাটল

হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত

উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি পদে নিয়োগে বাধা কাটল
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ১৮:৩৪

উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি শেষে আজ বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। ফলে উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা নেই। তবে চাকরিপ্রত্যাশী রিট আবেদনকারী ৫৫ জনের স্বার্থ বিবেচনায় ৫৫টি পদ শূন্য রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 

কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্যে পদে নিয়োগে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সরকার গত ৬ সেপ্টেম্বর চার সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ৫৫ জন চাকরিপ্রত্যারশী হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে ২৮ সেপ্টেম্বর রুল জারির পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন ২ হাজার ৩৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা পদের নিয়োগ কার্যক্রম স্থগিত করেন।

এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। শুনানি শেষে হাইকোর্টের আদেশের কার্যকারিতা আজ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে রিট আবেদনকারী ৫৫ জনের জন্য ৫৫টি পদ শূন্য রাখার নির্দেশনা দেন।

পরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, এ আদেশের ফলে উপসহকারী কৃষি কর্মকর্তার ২৩৬০টি পদে (৫৫টি পদ সংরক্ষিতসহ) নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা থাকল না। নিয়োগসংক্রান্ত কমিটিও ৫৫টি পদ সংরক্ষিত রেখে অবশিষ্ট পদগুলোর বিষয়ে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

আরও পড়ুন

×