ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাথাব্যথা ও মাইগ্রেন কমাতে মেনে চলুন কিছু নিয়ম

মাথাব্যথা ও মাইগ্রেন কমাতে মেনে চলুন কিছু নিয়ম
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৩:৩২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১৪:০০

মাথাব্যথা একটা সাধারণ সমস্যা। কমবেশি সবাই কোনো না সময়ে এই সমস্যায় ভোগেন। কেউ কেউ আবার প্রায় প্রতিদিনই মাথাব্যথায় কষ্ট পান। বিশেষ করে যাদের মাইগ্রেনের মতো সমস্যা আছে তারা বেশি বিড়ম্বনায় থাকেন। সাধারণত কাজের চাপ, মানসিক চাপ, ঘুমের অভাব, গরম আবহাওয়া বা দীর্ঘক্ষণ মোবাইল-কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখার মতো নানা কারণে এই সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ নিয়ম মেনে চললে মাথাব্যথা ও মাইগ্রেন অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেমন-

ঘুম : মাথাব্যথার অন্যতম প্রধান কারণ ঘুমের অভাব। নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে মাথাব্যথা বাড়তে পারে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা জরুরি। এর পাশাপাশি,স্ক্রিন টাইমও সীমিত করতে। দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করলে চোখের উপর চাপ পড়ে। এজন্য মাঝে মাঝে বিরতি নিন। চোখের ব্যায়াম করুন। তা না হলে মাথাব্যথা শুরু হতে পারে।

খাবার : দীর্ঘ সময় খালি পেটে থাকলে বা সময়মতো না খেলে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। এ কারণে নিয়ম করে খাবার খাওয়া জরুরি। আবার শরীরে পানির ঘাটতি হলেও মাথাব্যথা হতে পারে। গরমে শরীর অনেক সময় ডিহাইড্রেটেড হয়ে পড়ে। এ কারণে সারাদিনে পর্যাপ্ত পানি খাওয়া খুবই জরুরি। 

মানসিক চাপ : মানসিক চাপ মাথাব্যথা আরেকটি বড় কারণ। মানসিক চাপ কমাতে নিয়মিত যোগব্যায়াম, মেডিটেশন বা হালকা ব্যায়াম করুন। এতে স্ট্রেস কমবে, সেই সঙ্গে মাথাব্যথাও নিয়ন্ত্রণে থাকবে। 

ট্রিগার চিহ্নিত করা : কিছু মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট খাবার বা গন্ধ থেকেও মাইগ্রেন ট্রিগার হতে পারে। যেমন-অতিরিক্ত কফি, চকোলেট বা ঝাল খাবার অনেকের সমস্যার কারণ হয়। এ কারণে নিজের শরীরের ট্রিগারগুলি চিহ্নিত করুন। এরপর সেগুলো এড়িয়ে চলুন। 

নিয়মিত জীবনযাপন, সঠিক খাবার ও পর্যাপ্ত বিশ্রাম; এই তিনটি বিষয় মাথায় রাখলেই মাথাব্যথা ও মাইগ্রেন অনেকটাই কমানো সম্ভব। অনেক সময় ছোট ছোট অভ্যাস বদলালেই অনেক সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়।  সূত্র : আজকাল 

আরও পড়ুন

×