ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মাথাব্যথা কমাতে কোন সানগ্লাস বেছে নেওয়া উচিত

মাথাব্যথা কমাতে কোন সানগ্লাস বেছে নেওয়া উচিত
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০০

অনেকেরই মুখে শোনা যায় তাদের প্রায়ই মাথাব্যথা করে। বিশেষ করে বেশি গরম কিংবা ঠান্ডা পড়লে, বৃষ্টি নামলে মাথাব্যথা শুরু হয়। ধীরে ধীরে ব্যথা বাড়ে। মূলত যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা এ সমস্যায় বেশি ভোগেন। তাই তারা কড়া রোদে বাইরে গেলে সানগ্লাস পরেন। কারণ মাইগ্রেন রোগীদের কাছে সানগ্লাস শুধু ফ্যাশন নয়, ওষুধের মতোই জরুরি। কিন্তু কোন সানগ্লাস পরবেন, তা অনেকেই জানেন না। 

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাথাব্যথা থেকে বাঁচতে মাইগ্রেন-বান্ধব সানগ্লাস পরা উপকারী। পোলারাইজড লেন্স, বড় ফ্রেম, র‍্যাপ-অ্যারাউন্ড স্টাইল এবং বাদামি, ধূসর বা সবুজ গ্লাসের রোদচশমা পরলে চোখের আরাম মিলে। 

কেন বেছে নেবেন পোলারাইজড লেন্স?
এই লেন্স রোদের ঝলকানি বা গ্লেয়ার অনেকটা কমিয়ে দেয়। চোখের স্ট্রেস কমে, ইউভি রশ্মি থেকেও বাঁচায়। যাদের মাইগ্রেন আছে তাদের রেটিনা সংবেদনশীল সেনসিটিভ। রেটিনায় রোদের ঝলকানি পড়লেই মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়। সরাসরি সূর্যের আলোতে নয়, পানি বা গাড়ির কাচ বা কোনো ধাতুর উপরিতলে সূর্যের আলোর প্রতিফলনেই সমস্যা বেশি হয়। পোলারাইজড সানগ্লাস পরলে সেই সমস্যা কমে।

বড় ফ্রেম, র‍্যাপ-অ্যারাউন্ড স্টাইল
চারপাশ থেকে আলো ঢুকলে মাইগ্রেন বাড়ে। তাই ছোট ফ্রেম নয়, বড় লেন্সের সানগ্লাস বেছে নিন। মুখের দু’পাশ ঢেকে রাখে এমন র‍্যাপ-অ্যারাউন্ড ফ্রেম সবচেয়ে বেশি সুরক্ষা দেয়।

লেন্সের রঙেও নজর রাখুন
সব রঙের লেন্স এক নয়। বাদামি রঙের গ্লাস রোদের গ্লেয়ার কমায়, কন্ট্রাস্ট বাড়ায়। ধূসর বা সবুজ গ্লাস কড়া রোদে চোখকে আরাম দেয়। এফএল-ফোরওয়ান লেন্স বিশেষ ভাবে তৈরি। নীল-সবুজ আলোর যে তরঙ্গ মাইগ্রেনের সমস্যা বাড়ায়, সেটিকে ফিল্টার করে দেয়। মাইগ্রেনের সমস্যা এড়াতে এই সব লেন্স বেছে নিতে পারেন। মাইগ্রেন আছে বলে স্টাইল ছেড়ে দিতে হবে, এমন নয়। শুধু বুঝেশুনে সানগ্লাস বাছাই করুন। রোদকে ভয় না পেয়ে উপভোগ করুন।

আরও পড়ুন

×