ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আলোকিতে জমজমাট ‘সেলেব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল’

আলোকিতে জমজমাট ‘সেলেব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল’
×

পছন্দের সেলেব্রেটির পোশাক ঘুরে দেখছেন আগত দর্শনার্থী

রিক্তা রিচি 

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৫:১০ | আপডেট: ২১ মে ২০২৬ | ১২:৫০

ঈদকে সামনে রেখে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টার-এ চলছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘সেলেব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল-২০২৬’। দুই দিনব্যাপী এই উৎসবের আজই শেষ দিন। রাত ১১টা পর্যন্ত চলবে জমজমাট এই ফেস্টিভ্যাল।
শুধু কেনাকাটার আয়োজন নয়, বরং টেকসই ফ্যাশন, পুনর্ব্যবহার ও সচেতন জীবনধারার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা। দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত পোশাক, এক্সেসোরিজ ও ফ্যাশন সামগ্রী নতুন করে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে ‘রিওয়্যার’ সংস্কৃতিকে জনপ্রিয় করার চেষ্টা চলছে এ আয়োজনে।


এই আয়োজনের মূল সারথি টিভি উপস্থাপক মৌসুমী মৌ, সোনিয়া রিফাত, নীল হুরেজাহান ও অর্চি রহমান। আয়োজকদের ভাষ্য, দেশের বাইরে সেলেব্রেটিদের ব্যবহৃত পোশাক পুনরায় বিক্রির সংস্কৃতি অনেক আগে থেকেই জনপ্রিয়। সেই ধারণা থেকেই বাংলাদেশে শুরু হয়েছে এই ব্যতিক্রমী আয়োজন।
মৌসুমী মৌ ও সোনিয়া রিফাত বলেন, 'একজন সেলেব্রেটি সাধারণত একটি পোশাক এক বা দুইবার পরেন। এরপর সেগুলো ক্লোজেটেই পড়ে থাকে। অথচ সেই পোশাকগুলো অনেক কম মূল্যে অন্য কেউ ব্যবহার করতে পারেন। এতে যেমন অপচয় কমে, তেমনি ফ্যাশনের মধ্যেও তৈরি হয় সচেতনতা।' 


ফেস্টিভ্যালে আসা ক্রেতারা জনপ্রিয় তারকাদের ব্যবহৃত পোশাক অবিশ্বাস্য কম দামে কিনতে পারছেন। আয়োজকদের দাবি, ২০ থেকে ২৫ হাজার টাকায় কেনা পোশাক পাওয়া যাচ্ছে ২ থেকে ৩ হাজার টাকায়, এমনকি কিছু পোশাক মিলছে হাজার টাকারও কমে। আবার লাখ টাকা মূল্যের ডিজাইনার পোশাকও বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকায়।
এই উদ্যোগে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন বিদ্যা সিনহা মিম, সাফা কবির, নাজিফা তুষি, শবনম ফারিয়া, পিয়া জান্নাতুল, পারসা ইভানা, তৌসিফ মাহবুব, ইমরান মাহমুদুল, রাফা, মেহজাবীন চৌধুরী, রাবা খান, হৃদি শেখ, পূর্ণিমা, রত্না দাসসহ আরও অনেকে। তাদের ব্যবহৃত পোশাক ও এক্সেসোরিজ ঘিরে ক্রেতাদের আগ্রহও চোখে পড়ার মতো।


সেলেব্রেটিদের পোশাকের পাশাপাশি মেলায় অংশ নিয়েছেন প্রায় ৮০ জন উদ্যোক্তা। ছোট-বড় নানা ব্র্যান্ড তাদের ঈদসংগ্রহ নিয়ে হাজির হয়েছে এখানে। আফসানা ফেরদৌসী, সরলা, ঋতি, তান, পুটলি ও নগর নন্দিনী-সহ বিভিন্ন ব্র্যান্ডের স্টলে মিলছে ডিজাইনার শাড়ি, ব্লাউজ, কুর্তি, হাতে বানানো গহনা, সানগ্লাস, সুগন্ধি, স্কিনকেয়ার পণ্য ও হ্যান্ডিক্র্যাফট।


‘সরলা’র উদ্যোক্তা মানসুরা স্পৃহা এবং ‘ঋতি’র উদ্যোক্তা মুসাররাত নওশাবা জানান, তারা নিজেদের ডিজাইন করা শাড়ি, ফ্লেক্সি ব্লাউজ, কুর্তি, টপস ও শার্ট নিয়ে এসেছেন এই মেলায়। পাশাপাশি রয়েছে হাতে আঁকা ও রিকশা-পেইন্টেড সানগ্লাস, যা দর্শনার্থীদের নজর কাড়ছে। তাদের স্টলে পোশাকের দাম রাখা হয়েছে ২ হাজার থেকে ৫-৬ হাজার টাকার মধ্যে।
ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ‘হেরিটেজ কর্ণার’। এখানে স্থানীয় দুই কারুশিল্পী সরাসরি তাঁত বুননের কাজ করছেন। দর্শনার্থীরা কাছ থেকে উপভোগ করছেন বাংলার ঐতিহ্যবাহী বয়নশিল্পের সৌন্দর্য ও শ্রমনির্ভর কারুকাজ।
এছাড়াও পুরো আয়োজনজুড়ে রয়েছে ফুড জোন, এক্সপেরিয়েন্স জোন এবং বিশেষ মেহেদি কর্ণার। ফলে ঈদের কেনাকাটার পাশাপাশি এটি হয়ে উঠেছে পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর প্রাণবন্ত এক মিলনমেলা। 

আরও পড়ুন

×