আম খেলে কি সত্যিই ওজন বাড়ে?
আম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১১:৩১
বাজারে এখন শোভা পাচ্ছে নানা জাতের রসালো আম। হিমসাগর, ল্যাংড়া কিংবা আম্রপালি—প্রতিটি আমই স্বাদ ও গন্ধে অনন্য। এ কারণে আম ফলের রাজা হিসেবে পরিচিত। কিন্তু আমপ্রেমীদের অনেকেরই প্রশ্ন, আম খেলে কি ওজন বাড়ে?
পুষ্টিবিদদের মতে, আম নিয়ে এই ধারণার পেছনে কিছুটা সত্য থাকলেও পুরো বিষয়টি নির্ভর করে পরিমাণ ও জীবনযাপনের ওপর। আমে প্রাকৃতিক শর্করা ও ক্যালোরি থাকলেও এটি একই সঙ্গে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস।
‘আন্দবাজারে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি মাপের একটি আমে ক্যালোরি থাকে ১২০-১৫০ । এতে প্রাকৃতিক চিনি বা সুক্রোজের পরিমাণ ৪৫ গ্রাম। এ কারণে বেশি পরিমাণে আম খেলে যেমন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে, তেমনি ওজনও বাড়তে পারে। এ কারণে, যারা ওজন কমাতে চাইছেন,তাদের খাদ্যতালিকায় আম রাখার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
পুষ্টিবিদদের মতে, আমে থাকা প্রাকৃতিক চিনি শরীরকে শক্তি জোগায়। তবে প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করলে তা শরীরে চর্বি হিসেবে জমা হতে পারে। এ কারণে একসঙ্গে অনেক বেশি আম খাওয়া বা আম দিয়ে তৈরি মিল্কশেক, আইসক্রিম, কাস্টার্ড কিংবা অতিরিক্ত মিষ্টি ডেজার্ট খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে।
বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে আম খেলে সাধারণত ওজন বাড়ার ঝুঁকি থাকে না। বরং এটি একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।
আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে, ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে এবং হজমপ্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। ফলে আম শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যকর ফলও বটে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের দিনে একটি মাঝারি আকারের আম বা এক থেকে দুই কাপ কাটা আম খাওয়াই যথেষ্ট। ফলটি সকালের নাশতা বা বিকেলের হালকা খাবার হিসেবে খেলে ভালো। এতে শরীর পুষ্টি পায়, আবার অতিরিক্ত ক্যালোরিও জমা হয় না।
‘আন্দবাজারে’র ওই প্রতিবেদনে ফিটনেস কোচ নমন সোলাঙ্কি বলছেন, আম ওজন কমানোর পথে বাধা নয়। কিন্তু কী ভাবে তা খাওয়া হচ্ছে তা গুরুত্বপূর্ণ। পাকা আম দুধে মিশিয়ে, চিনি দিয়ে শেক বানিয়ে খেলে বা অনেক চিনি দিয়ে আমপোড়ার শরবত খেলে ক্যালোরি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়। তবে ক্যালোরি মেপে এবং নিয়ম করে খেলে এ আশঙ্কা থাকে না।
কীভাবে আম খাবেন
আম ফল হিসাবেই খাওয়া ভাল, শেক নয়
দিনে একটা মাঝারি আম খাওয়া যেতে পারে
ভরপেট খাওয়ার পরে আম না খেয়ে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন
ফিটনেস কোচের কথায়, আম খেলেই ওজন বাড়বে এই কথা ঠিক নয়। দৈনন্দিন খাদ্যাভ্যাস, কতটা ক্যালোরি খাওয়া হচ্ছে তার উপর সাধারণত ওজন বাড়া নির্ভর করে।
- বিষয় :
- ওজন নিয়ন্ত্রণ
