ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফুটবল জাদুকর লিওনেল মেসি কী খেতে ভালোবাসেন?

ফুটবল জাদুকর লিওনেল মেসি কী খেতে ভালোবাসেন?
×

শৈলী ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৭:১৫

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আন্তর্জাতিক মঞ্চে তাঁর জাদুকরী খেলার ভক্ত কোটি মানুষ। ভক্তদের কৌতূহল তাঁর জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়েও। ফুটবলের এ জাদুকরের প্রিয় খাবার কী, তাঁর প্রতিদিনের খাদ্যতালিকায় কোন ধরনের খাবার থাকে তা নিয়ে মেসিভক্তদের আগ্রহের শেষ নেই। 

মেসি ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম কথা বলেন, কিন্তু তাঁর পুষ্টিবিদদের মাধ্যমে জানা যায়, কীভাবে তিনি নিজের ফিটনেস ধরে রাখেন। মূলত কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, বিজ্ঞানভিত্তিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনের কারণেই তিনি ফিট থাকেন। 

কোটি কোটি ডলারের মালিক, বিশ্বের নানা দেশের বিলাসবহুল খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থাকলেও মেসির সবচেয়ে প্রিয় খাবার কিন্তু কোনো দামি ইউরোপীয় পদ নয়। বরং শৈশবের স্মৃতি জড়িয়ে থাকা মায়ের হাতে তৈরি একটি আর্জেন্টাইন খাবারই তাঁর প্রিয় খাবারের তালিকায় রয়েছে।

প্রিয় খাবার মায়ের হাতের মিলানেসা নাপোলিতানা
বিভিন্ন সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তাঁর সবচেয়ে প্রিয় খাবার মিলানেসা নাপোলিতানা। এটি মূলত ব্রেডক্রাম্বে মোড়ানো মাংস বা চিকেন কাটলেট, যার ওপর টমেটো সস, হ্যাম ও গলানো চিজ দেওয়া হয়। তবে মেসির কাছে সবচেয়ে বিশেষ হলো তাঁর মা সেলিয়া কুচ্চিত্তিনির হাতে তৈরি মিলানেসা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পৃথিবীর অনেক ভালো মিলানেসা খেলেও মায়ের রান্নার স্বাদকে তিনি কখনো ছাড়িয়ে যেতে দেখেননি। 

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী 'আসাদো' 
মেসির আরেকটি প্রিয় খাবার আসাদো। এটি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী বারবিকিউ, যেখানে গরু, ভেড়া বা সসেজসহ নানা ধরনের মাংস ধীরে ধীরে আগুনে গ্রিল করা হয়। আর্জেন্টিনায় আসাদো শুধু খাবার নয়, পরিবার ও বন্ধুদের মিলনমেলারও একটি গুরুত্বপূর্ণ অংশ। মেসির মায়ামির বাড়িতেও বড় গ্রিল স্থাপন করা হয়েছে, যেখানে পরিবার নিয়ে আসাদো উপভোগ করেন তিনি। 

পাস্তা, চকোলেট আর আইসক্রিমের প্রতি দুর্বলতা
কঠোর ডায়েট মেনে চললেও মেসি মিষ্টিজাতীয় খাবার খুব পছন্দ করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পাস্তা, চকোলেট, ডুলসে দে লেচে (দুধের তৈরি আর্জেন্টাইন মিষ্টি), আইসক্রিম-সবই তাঁর প্রিয়। বিশেষ করে মিষ্টির প্রতি তাঁর দুর্বলতা দীর্ঘদিনের। তবে ফিটনেস ধরে রাখতে তিনি এসব খাবার পরিমিত পরিমাণে খান। 

ইয়ারবা ম্যাটে
মেসির সবচেয়ে পরিচিত অভ্যাসগুলোর একটি হলো ইয়ারবা ম্যাটে পান করা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে প্রায়ই বিশেষ ধরনের পাত্রে মাতে পান করতে দেখা যায়। দক্ষিণ আমেরিকায় জনপ্রিয় এই পানীয়টি কফির বিকল্প হিসেবে পরিচিত এবং এতে রয়েছে উচ্চমাত্রার প্রাকৃতিক ক্যাফেইন। এক সাক্ষাৎকারে মেসি জানান, আগে তিনি মিষ্টি ম্যাটে পছন্দ করলেও এখন তিতা স্বাদের ম্যাটে পান করেন। গবেষণায় দেখা গেছে, ইয়ারবা ম্যাটে অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ পানীয়। এটি ক্লান্তি কমাতে, শক্তি বাড়াতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 

বদলে গেছে খাদ্যাভ্যাস
তরুণ বয়সে পিৎজা, সফট ড্রিংকস ও বিভিন্ন ভারী খাবার খেতে ভালোবাসলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন মেসি। পুষ্টিবিদদের পরামর্শে তিনি চিনি, অতিরিক্ত লাল মাংস ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দেন। বর্তমানে তাঁর খাদ্যতালিকায় বেশি থাকে তাজা শাকসবজি, ফলমূল, বিভিন্ন ধরনের শস্য, মাছ, অলিভ অয়েল ও ভিটামিনসমৃদ্ধ প্রাকৃতিক খাবার। 

তাঁর পুষ্টিবিদদের মাধ্যমে জানা যায়, আগে সালাদ বা সবজি, তারপর মাছ বা মাংস, শেষে ভাত বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না এবং দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি থাকে। মেসি ঠিক সেভাবেই ক্রম মেনে খাবার খান। খেলোয়াড়দের জন্য শস্য, ডাল ও আলুর মতো জটিল কার্বোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর সঙ্গে ডিম, মাছ, মুরগি কিংবা সয়া প্রোটিন যুক্ত হলে শরীর প্রয়োজনীয় শক্তি পায় বলে মনে করেন মেসির পুষ্টিবিদরা।  

সূত্র: ম্যাশড ডট কম, গোল

আরও পড়ুন

×