ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মৃত বোনের বাড়ি থেকে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন ছোট ভাই

মৃত বোনের বাড়ি থেকে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন ছোট ভাই
×

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৫:২১ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১৬:১৮

কুমিল্লার হোমনায় মৃত বড় বোনের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছোট ভাই রুপ মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোনসহ আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের বিএডিসি হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুপ মিয়া বাঙ্গরা বাজার এলাকার দীঘলদি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন—হনুফা বেগম (৪২), তার স্বামী বাবুল মিয়া (৪৮) এবং অটোরিকশাচালক তানভির। তানভির হোমনা চৌরাস্তা এলাকার আব্দুর রহমানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ঢাকায় রুপ মিয়ার বড় বোন মারা যান। তার জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আজ অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন রুপ মিয়া ও তার স্বজনরা। পথে হোমনা চৌরাস্তা থেকে গৌরীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত হনুফা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, ‘কয়েকদিন আগে নিহতের বড় বোন মারা যান। তার জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে সিএনজি ও ইজিবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে রুপ মিয়া নিহত হন এবং কয়েকজন আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন

×