ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রুটি দীর্ঘ সময় নরম রাখার কৌশল

রুটি দীর্ঘ সময় নরম রাখার কৌশল
×

রুটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১২:৩১ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ১৬:১৩

প্রাত্যহিক খাদ্যতালিকায় ভাতের পাশাপাশি রুটিও জনপ্রিয়। কেউ কেউ আবার স্বাস্থ্য সচেতনতা, ওজন নিয়ন্ত্রণ কিংবা ডায়াবেটিস মোকাবিলায় সকালের নাশতায় কিংবা রাতের খাবারেতুলতুলে নরম রুটি পছন্দ করেন। তবে হাতে বানানো রুটি বানানোর একটা বড় চ্যালেঞ্জ হলো দীর্ঘক্ষণ নরম রাখা।

অনেকেরই অভিযোগ, রুটি বানানোর কিছুক্ষণ পরেই তা শক্ত, মচমচে বা পাপড়ের মতো হয়ে যায়। এমনকি দুপরে খাবারের জন্য নিলেও রুটি রবারের মতো টানটান ও শক্ত হয়ে পড়ে। তবে সঠিক উপাদান নির্বাচন, আটা মাখার বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং শেঁকার কৌশল জানা থাকলে আপনার হাতের বানানো রুটি সারাদিন তুলোর মতো নরম থাকবে। দীর্ঘক্ষণ রুটি নরম ও তুলতুলে রাখার কৌশল জেনে নিন। যেমন-

আটা মাখার উপাদান ও সঠিক পানির ব্যবহার
রুটি নরম হবে নাকি শক্ত—তার ৮০ শতাংশ নির্ভর করে আটা কীভাবে মাখা হচ্ছে বা ‘ডো’কতটা নিখুঁত তৈরি হচ্ছে তার ওপর। আটা মাখার সময় কখনোই ঠান্ডা বা সাধারণ পানি ব্যবহার করা ঠিক নয়। আটা মাখতে সবসময় হালকা গরম পানি ব্যবহার করা উচিত। গরম পানি আটার গ্লুটেনকে দ্রুত নরম ও নমনীয় করে তোলে। আটা মাখার সময় পানির বদলে হালকা গরম দুধ বা পানি-দুধের মিশ্রণ ব্যবহার করলে রুটি অত্যন্ত তুলতুলে ও সুস্বাদু হয়।

সামান্য তেল বা ঘিয়ের ময়ান : আটা মাখার শুরুতে বা মেখে নেওয়ার পর সামান্য ১ চা চামচ সর্ষের তেল, সাদা তেল বা ঘি আটার সাথে ভালো করে মিশিয়ে হাত দিয়ে মেখে নিন। তেল আটার আর্দ্রতা লক করে রাখে, যার ফলে রুটি সেঁকার পরেও এর ভেতরের নরম ভাব নষ্ট হয় না।

নরম ডো তৈরি করা: শক্ত করে আটা মাখলে রুটি কখনোই নরম হবে না। আটা একটু নরম ও চটচটে ভাব রেখে মাখতে হবে। একবারে বেশি পানি না ঢেলে অল্প অল্প করে পানি ঢেলে মাখতে হবে যাতে আটা পর্যাপ্ত পানি শুষে নিতে পারে।

আটা মেখে রাখার সঠিক বিশ্রাম
আটা মেখে নিয়ে সাথে সাথেই রুটি বেলতে শুরু করবেন না। আটা মাখার পর একটি ভেজা সুতির কাপড় বা থালা দিয়ে ঢেকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এই সময়ের মধ্যে আটার মধ্যে থাকা প্রোটিন ও গ্লুটেন ভালোভাবে সক্রিয় হয়। এর পাশাপাশি পানি পুরোপুরি শুষে নিয়ে ডো-টিকে নরম করে তোলে।

রুটি বেলা ও সেঁকেকার সঠিক কৌশল
রুটি বেলার সময় লেচিতে অতিরিক্ত শুকনো গুঁড়ো আটা ব্যবহার করা বন্ধ করুন। অতিরিক্ত শুকনো আটা তাওয়ার তাপে পুড়ে যায় এবং রুটির উপরের স্তরকে শক্ত ও শুকনো করে দেয়। খুব দরকারে সামান্য তেল দিয়েও বেলতে পারেন।

তাওয়া যদি ঠিকমতো গরম না হয় বা অতিরিক্ত গরম থাকে, তাহলেও রুটি শক্ত হয়ে যায়। মাঝারি বা মাঝরি-উচ্চ আঁচে তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে রুটি দিতে হবে।

তাওয়ায় রুটি দেওয়ার পর ওপরের রঙ সামান্য বদলালেই উল্টে দিতে হবে। দ্বিতীয় পিঠটি একটু বেশি সেঁকে নিয়ে সরাসরি আঁচে বা তাওয়ার ওপর হালকা চেপে ফোলাতে হবে। কম আঁচে দীর্ঘক্ষণ ধরে রুটি তাওয়ায় রাখলে রুটির সমস্ত জলীয় বাষ্প শুকিয়ে যায় এবং তা শক্ত হয়ে যায়।

রুটি সংরক্ষণের সহজ উপায়
রুটি সেঁকার সাথে সাথেই খোলা বাতাসে রেখে দেবেন না। সেঁকা রুটি সাথে সাথে একটি পরিষ্কার সুতির কাপড়ে পেঁচিয়ে এয়ারটাইট বক্সে বা হটপটে রেখে দিন। কাপড়ে পেঁচিয়ে রাখলে রুটির নিজস্ব ভাপ বা বাষ্প রুটিকেই নরম রাখে এবং অতিরিক্ত ঘাম হতে দেয় না।

বক্সে রুটি দেওয়ার সময় অ্যালুমিনিয়াম ফয়েল বা বাটার পেপারে মুড়ে রাখুন। এতে রুটি ঘণ্টার পর ঘণ্টা নরম ও সতেজ থাকবে। সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

×